ফের দাবাং স্টাইলে কেষ্ট মন্ডল। একেবারে যেন সেই পুরনো চেনা মেজাজে। সম্প্রতি, ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। জেলা তৃণমূল সভাপতি দায়িত্বও পেয়েছেন তিনি। আর তারপর থেকেই সংগঠনকে চাঙ্গা করতে মাঠে নেমে পড়েছেন তিনি। সোমবার রাতে বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে সেই ছবিই স্পষ্টভাবে ধরা পড়ে। এদিন অনুব্রত মণ্ডলের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী এবং নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি। দীর্ঘ সময় ধরে চলে রুদ্ধদ্বার আলোচনা।
বৈঠকে বেশকিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গিয়েছে। বৈঠক শেষে বিধানচন্দ্র মাঝি জানান, 'অনুব্রতদা আগে কোর কমিটির আহ্বায়ক ছিলেন, এখন জেলা সভাপতি হয়েছেন। তাই সৌজন্য সাক্ষাতের পাশাপাশি একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।' মূলত কাজল শেখের ঘনিষ্ঠ বলেই পরিচিত বিধানচন্দ্র মাঝি। তাই অনুব্রত মণ্ডলের সঙ্গে এই সাক্ষাৎকার রাজনৈতিক মহলে অন্যতম আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। তবে সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি কাজলদার সঙ্গেও আছি, অনুব্রতদার সঙ্গেও আছি। দলের নির্দেশ, সবাইকে একসঙ্গে চলতে হবে। কাজল-কেষ্ট বলে কোনও বিভাজনের প্রশ্ন নেই। অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই বীরভূমে সংগঠন আরও শক্তিশালী হবে।’
জেলা সভাপতির দায়িত্ব হাতে পাওয়ার পর অনুব্রত মণ্ডলের এই ধারাবাহিক সাংগঠনিক বৈঠক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, বীরভূমে আবারও সক্রিয়ভাবে দলের হাল ধরতে শুরু করেছেন 'কেষ্ট' এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একুশে জুলাই-এর প্রস্তুতির পাশাপাশি দলের অভ্যন্তরীণ সমীকরণকে মজবুত করার লক্ষ্যেই এগিয়ে চলেছেন অনুব্রত।