কলকাতা, নিউজ ডেস্ক: ফের খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার নতুন করে দেওয়াল লিখল এবিভিপি। আর সেই লেখাতেই সরাসরি উঠে এল POK, আকসাই চিন থেকে ‘অখণ্ড ভারত’ সহ একাধিক রাজনৈতিক ও জাতীয়তাবাদী বার্তা। ক্যাম্পাসের দেওয়ালের কোথাও বড় করে লেখা ‘ফ্রি পিওকে’। আবার কোথাও প্রশ্ন ছোড়া হয়েছে ‘POK নিয়ে কেন মৌনতা?’। পাশাপাশি লেখা হয়েছে ‘অখণ্ড ভারত’, ‘ফ্রি আকসাই চিন’ এবং ‘লং লিভ ABVP’-এর মতো স্লোগান।
শুধু তাই নয়, বামপন্থী ছাত্র সংগঠনকে কটাক্ষ করে লেখা হয়েছে 'লেনিনবাদ নিপাত যাক'। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য পড়ুয়াদের উদ্দেশে একটি খোলা চিঠির মাধ্যমে জানান, 'ক্যাম্পাসের যেখানে সেখানে দেওয়াল লিখনের পরিবর্তে নির্দিষ্ট গ্রাফিতি স্পেস ব্যবহারের পরামর্শ দেন।
গত কয়েকদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন ঘিরে বিতর্ক ছড়িয়েছে। বিষয়টি নজরে আসতেই কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়েছিলেন, ‘ক্যাম্পাসে দেশবিরোধী কোনও ধরনের স্লোগান বা বার্তা বরদাস্ত করা হবে না। বাংলার মাটিতে দাঁড়িয়ে কেউ 'কাশ্মীর মাঙ্গে আজাদি'এর মতো স্লোগান দিলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনকি, এই ধরনের স্লোগান উঠলে গ্রেফতার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।’
এরপরই ক্যাম্পাসের কয়েকটি জায়গায় থাকা বিতর্কিত লেখাগুলি মুছে ফেলার কাজ শুরু হয়। একদিনের মধ্যে দেওয়াল মুছে নতুন করে লেখা হয়। তারপর আবারও ক্যাম্পাসে ঢুকে দেওয়াল লিখন মুছে ফেলা হয় বলে অভিযোগ। এবার সেই দেওয়াল লিখনে নাম জড়াল এবিভিপির।
এর আগেও একাধিকবার রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে SFI, ABVP-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে চাপানউতোর তৈরি হয়েছে। এবার ফের একই দেওয়ালে পাল্টা স্লোগান সামনে আসায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।