হাবিবুর রহমান, ঢাকা : ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের প্রাক্তন এবং বর্তমান দুই প্রতিমন্ত্রীর বাসভবন আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাড়ি এবং বৃহস্পতিবার রাজশাহীতে শেখ হাসিনা সরকারের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়র আলমের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বাড়ি অগ্নিসংযোগ করা হয়েছে। গত ১৪ নভেম্বর ফরিদপুরে শামা ওবায়েদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।এর পাল্টা জের হিসেবে গত ১৯ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) দুপুরে রাজশাহীতে সাবেক বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়া হয়।
অরথাত সার্বিক পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতাদের বাসভবনে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এর আগে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এবং মোজাম্মেল হকের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। অগ্নিকাণ্ডের এই ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে বলে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে।
সিলেটে গলির প্রধান ফটকের সামনে ভোররাতে দুর্বৃত্তরা পলিথিন বা কাপড় জাতীয় বস্তুতে আগুন দেয়। পুলিশ পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি নাকচ করে জানিয়েছে যে, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া ভোররাতে সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সিলেট সরকারী আইন মহাবিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে। স্থানীয়রা আগুন দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। তিনি বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অপরদিকে বৃহস্পতিবার শেখ হাসিনা সরকারের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উত্তর জনপদ জেলা রাজশাহীর বাঘা উপজেলার বাড়িতে অগ্নিসংযোগ করা হয় । বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে এই ঘটনা।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরবাইকে চড়ে ছয়জনের একটি দল এসে বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এবং পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন এবং জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়।




