নিউজ ডেস্ক: পর্যটকদের ভিড়ে জমজমাট বকখালি। দূর দূরান্ত থেকে আসা মানুষজন সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় হোটেল গুলিতে খাবার খেয়ে কাটান ছুটির সময়। কিন্তু সেই খাবার কতটা নিরাপদ? রান্নাতে কি ধরনের উপকরণ ব্যবহার করা হচ্ছে কিংবা দোকানে বিক্রির সময় বিক্রি হওয়া সামগ্রীর মেয়াদ ঠিক রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে এবার নড়েচড়ে বসলো প্রশাসন। শুক্রবার খাদ্য দফতরের আধিকারিকদের অভিযানের দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় সামনে এলো চাঞ্চল্যকর কিছু অনিয়মের ছবি।
অভিযান চলাকালীন বকখালীর একটি খাবারের হোটেলে গিয়ে রীতিমতো অবাক হয়ে যান আধিকারিকরা। পর্যটনকেন্দ্র বকখালির খাবারের হোটেলে মিলল বাসি খাবার। তরকারিতে মেশানো হচ্ছিল কৃত্রিম রং। পর্যটকদের পরিবেশনের জন্য রাখা সেই খাবারের গুণমান নিয়েও প্রশ্ন ওঠে। সঙ্গে সঙ্গে বাসি খাবার ও কৃত্রিম রঙ ফেলে দেওয়ার নির্দেশ দেন খাদ্য দফতরের আধিকারিকেরা।
অন্যদিকে, নামখানার ফ্রেজারগঞ্জের জেটিঘাট এলাকার একটি ভুসিমাল দোকানে অভিযান চালাতে গিয়ে আরও অস্বাভাবিক দৃশ্যের মুখোমুখি হন তাঁরা। দোকানের মধ্যে ফ্রিজে ভিতরে পাওয়া যায় পশু চিকিৎসার কাজে ব্যবহৃত ওষুধ। পাশাপাশি ওই একই ফ্রিজ থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিংকস। কেন খাবার ও পানীয় সংরক্ষণের ফ্রিজে পশু চিকিৎসার ওষুধ রাখা হয়েছিল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। শুক্রবার খাদ্য দফতরের আধিকারিকদের অভিযানে সামনে এল এমনই একাধিক অনিয়মের ছবি। উদ্ধার হওয়া মেয়াদ উত্তীর্ণ পানীয় সহ ব্যবহারের অনুপযুক্ত সামগ্রী নষ্ট করার ব্যবস্থা করেন আধিকারিকেরা।
জানা গিয়েছে, এদিন নামখানার নারায়ণপুর, নামখানা বাজার, উকিলের হাট, ফ্রেজারগঞ্জের জেটিঘাট বাজার এবং পর্যটনকেন্দ্র বকখালির বিভিন্ন দোকান ও খাবারের হোটেলে অভিযান চালান খাদ্য দফতরের আধিকারিকরা। মূলত খাদ্যে ভেজাল, কৃত্রিম রঙের ব্যবহার এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি খতিয়ে দেখতেই এই অভিযান।
অন্যদিকে, বকখালির একটি খাবারের হোটেলে হানা দিয়ে আধিকারিকরা দেখতে পান, তরকারিতে মেশানো হচ্ছে লিকুইড কালারিং বা কৃত্রিম রং। শুধু তাই নয়, হোটেলের ফ্রিজ থেকে প্রচুর পরিমাণে বাসি খাবারও উদ্ধার হয়। ওই খাবার এবং কৃত্রিম রং ফেলে দেওয়ার নির্দেশ দেন আধিকারিকরা। এদিন শুধুমাত্র খাবারের দোকান নয়, কাঁচা সবজি, ফলমূল, ভুসিমাল দোকান থেকে শুরু করে খাবারের হোটেল—বিভিন্ন জায়গায় খাবারের গুণগত মান, পণ্যের মেয়াদ এবং বিক্রয়মূল্য খতিয়ে দেখেন খাদ্য দফতরের আধিকারিকরা।
পর্যটন কেন্দ্র হওয়ার জন্য বকখালিতে প্রতিদিনই বহু মানুষের আনাগোনা লেগেই থাকে। ফলে সেখানকার খাবারের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনও রকম আপস করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে খাদ্য দফতর। খাদ্যে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং অন্যান্য অনিয়ম রুখতে আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানা গিয়েছে।




