একটি ছোট্ট জিনিস, সামান্য কৌতূহল আর কয়েক মুহূর্তের অসতর্কতা। বাড়ির উঠোনে খেলতে খেলতে যে বিপদ ঘনিয়ে আসছে, তা বোঝার মত বয়সও হয়নি শিশুটির। পরিবারের লোকজনের অজান্তেই ঘটে যায় এমন এক দুর্ঘটনা, যার মাসুল দিতে হল একরত্তিকে নিজের জীবন দিয়ে। আনন্দের শৈশব মুহূর্তের মধ্যে পরিণত হলো গভীর শোকে।
ঘটনাটি ছত্রিশগড়ের সরগুজা জেলার সিতাপুর থানা এলাকার নবপাড়া গ্রামের। মৃত শিশুর নাম আদিত্য। তাঁর বয়স মাত্র দু'বছর। গত ৯ নভেম্বর সকালে বাড়ির সামনে বাইরে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সে। সে সময় মাটিতে পড়ে থাকা একটি ছোট 'পপ পপ' বাজি বা রসুন বাজি দেখতে পায় আদিত্য। কৌতুহল বসতো সেটি মুখে পুরে নেয়। এরপর দাঁত দিয়ে চিবাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। বাজিটি মুখের ভিতরে ফেটে যায়।
বিস্ফোরণের জেরে শিশুটির মুখের ভেতরের নরম অংশ ও মাড়িতে গুরুতর আঘাত লাগে। শুরু হয় প্রচন্ড রক্তক্ষরণ। তড়িঘড়ি তাঁকে সিতাপুরের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে ফিরিয়ে নিয়ে আনা হলেও বিপদ কাটেনি। কিছুক্ষণ পর ফের রক্তপাত শুরু হয়। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর।
পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠায় গত ১১ নভেম্বর আদিত্যকে অম্বিকাপুরের একটি বেসরকারি মিশন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকের সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় দু বছরের শিশুটির। ময়নাতদন্তে তাঁর গলার ভিতরে বাজির রাসায়নিকের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
এই মর্মান্তিক ঘটনা নতুন করে সামনে এনেছে 'পপ পপ' বাজির বিপজ্জনক দিক। সাধারণত এই ধরনের বাজি ফাটাতে আগুনের প্রয়োজন হয় না। সামান্য চাপ বা ঘর্ষণের জেরেই বিস্ফোরণ ঘটতে পারে। আকারে ছোট হয় শিশুরা অনেক সময় এগুলোকে খাবার বা খেলনা ভেবে ভুল করে।
ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি, অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ির আশেপাশে পড়ে থাকা বাজি দ্রুত সরিয়ে ফেলা এবং ছোটদের নাগালের বাইরে রাখা অত্যন্ত জরুরি। কারণ শিশুদের সামান্য কৌতূহলও কখনও কখনও ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।




