নয়াদিল্লি, নিউজ ডেস্ক: এবার দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ সভার ক্ষেত্রে আরও কড়াকড়ি করতে চাইছে দিল্লি পুলিশ। রামলীলা ময়দানে জমায়েত নিয়ন্ত্রণে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) বা নির্দেশিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্রস্তাবিত নির্দেশিকা অনুযায়ী, রামলীলা ময়দানে কোনও বিক্ষোভ বা জনসভায় সর্বাধিক ৫০ হাজার মানুষ অংশ নিতে পারবেন। পাশাপাশি, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্তই কর্মসূচি চালানোর প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ, নির্ধারিত সময় সাত ঘন্টার বাইরে কোনও কর্মসূচি চালানো যাবে না।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, কোনও রাজনৈতিক দল বা সংগঠনকে কর্মসূচির জন্য অন্তত ১০ দিন আগে পুলিশের কাছে আবেদন জানাতে হবে। তবে তার আগে দিল্লি পুরনিগমের (MCD) কাছ থেকে সংশ্লিষ্ট মাঠের প্রাপ্যতা সংক্রান্ত ছাড়পত্র কিংবা বা মাঠ খালি থাকার শংসাপত্র নিতে হবে। যান চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং, জমায়েতে আসা মানুষের ওঠানামার নির্দিষ্ট জায়গা এবং জরুরি পরিষেবার রাস্তা খোলা রাখার দায়িত্বও নিতে হবে আয়োজকদের।
নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, ধারালো অস্ত্র কিংবা আইনত নিষিদ্ধ কোনও সামগ্রী নিয়ে জমায়েতে প্রবেশ করা যাবে না। বিক্ষোভস্থলের আশপাশে ড্রোন ব্যবহার করতে গেলেও আগাম অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। শেষ পর্যন্ত কত জনকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে, তা স্থির করবেন উপযুক্ত কর্তৃপক্ষ। পাশাপাশি পানীয় জল, চিকিৎসার ব্যবস্থা, শৌচাগার এবং পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বও আয়োজকদের উপর থাকবে।
দিল্লি পুলিশের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, প্রস্তাবিত SOP ইতিমধ্যেই পুলিশ সদর দফতরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তবে এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই নতুন নির্দেশিকা কার্যকর হবে। মূলত, নিরাপত্তা-সহ সমস্ত রকম প্রশাসনিক প্রয়োজনের জন্যই এই সব কড়াকড়ি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, গত অক্টোবরেই দিল্লির ঐতিহ্যবাহী প্রতিবাদস্থল যন্তর মন্তরকে নির্দিষ্ট বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দিয়েছিল দিল্লি পুলিশ। বিকল্প হিসেবে রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড এবং পূর্ব দিল্লির CBD গ্রাউন্ডকে বেছে নেওয়া হয়েছিল। এবার রামলীলা ময়দানে বিক্ষোভের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধের প্রস্তাব সামনে এল। দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সমাবেশ এবং বড়সড় আন্দোলনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দান। নয়া এসওপি কার্যকর হলে বড় কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের নিয়ম আরও কড়া হতে পারে।




