নিউজ ডেস্ক: মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও স্কুলে ফেরার স্বপ্ন দেখেছিল সে। আর কোনও বড় চাওয়া ছিল না, দামি উপহার কিংবা দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছেও নয়। শুধু একবার শেষবারের মতো সহপাঠীদের সঙ্গে ক্লাসে বসতে চেয়েছিল ১৮ বছরের কিশোরী। সেই ইচ্ছেকেই সম্মান জানালেন শিক্ষক-শিক্ষিকা ও স্কুলের বন্ধুরা। হাসপাতালের একটি ঘরকে সাজিয়ে তৈরি করা হল অস্থায়ী শ্রেণিকক্ষ। সেখানে হাজির হলেন সহপাঠীরা। শুরু হল ইংরেজির ক্লাস। অসুস্থ শরীর নিয়েই বন্ধুদের সঙ্গে পাঠে অংশ নিল সে। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হল না। শেষ ক্লাসের মাত্র দু’দিন পরেই মৃত্যু হল চিনের ওই ছাত্রীর। তার শেষ ইচ্ছাপূরণের কাহিনি এখন আবেগে ভাসাচ্ছে নেটদুনিয়াকে।
চিনের গুইঝৌ প্রদেশের সংজিয়াং সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ইয়াও ইংবেই। ডাকনাম বেইবেই। বয়স ১৮ বছর হলেও শারীরিক অসুস্থতার কারণে এখনও নবম শ্রেণিতেই পড়ছিল সে। প্রায় পাঁচ বছর ধরে লিউকেমিয়ার সঙ্গে লড়াই করছিল কিশোরী। রক্তের ক্যানসারে আক্রান্ত হওয়ার পর থেকেই বারবার থমকে গিয়েছে তার পড়াশোনা। দীর্ঘদিন স্কুলের বাইরে থাকতে হয়েছে চিকিৎসার জন্য।
মেয়েকে সুস্থ করে তুলতে মরিয়া ছিলেন তার বাবা-মা। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়িয়েছেন তাঁরা। এমনকি ছোট মেয়ের জন্মের পর তার নাভিরজ্জুর রক্ত ব্যবহার করে স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে বেইবেইকে সুস্থ করার চেষ্টা করা হয়। সেই চিকিৎসায় প্রথমদিকে কিছুটা সাড়াও মিলেছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাঝে মাঝে স্কুলে ফিরতে পেরেছিল সে। কিন্তু শেষ পর্যন্ত রোগের সঙ্গে লড়াইয়ে ফের অবনতি ঘটে তার শারীরিক অবস্থার।
প্রায় তিন মাস আগে আবারও ফিরে আসে রোগ। মেয়েকে বাঁচানোর আশায় বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসার চেষ্টা করেন বাবা-মা। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত নিজেদের শহরের হাসপাতালেই ফিরিয়ে আনতে হয় তাকে। চিকিৎসার পাশাপাশি তখন বেইবেইয়ের পাশে দাঁড়িয়েছিলেন তার শিক্ষক ও সহপাঠীরা। হাসপাতালে নিয়ম করে তাকে দেখতে যেতেন তাঁরা। কেউ গল্প করতেন, কেউ আবার পড়াশোনার কথা বলতেন। স্কুলের পরিচিত পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও বন্ধুদের সঙ্গ তাকে কিছুটা স্বস্তি দিত।
শেষ ইচ্ছা ছিল শুধু একবার ক্লাসে বসা
জীবনের শেষ সপ্তাহে নিজের মনের ইচ্ছার কথা এক শিক্ষিকাকে জানিয়েছিল বেইবেই। আর একবার সহপাঠীদের সঙ্গে ক্লাস করতে চায় সে। সেই কথা জানার পরেই উদ্যোগী হন স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা। কী ভাবে হাসপাতালেই তার জন্য একটি ক্লাসের ব্যবস্থা করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত কয়েক জন সহপাঠীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতালের একটি অংশকে অস্থায়ী শ্রেণিকক্ষে পরিণত করা হয়। ঘর সাজানো হয় টেডি বিয়ার ও রঙিন বেলুন দিয়ে। যাতে পরিবেশটা হাসপাতালের মতো না হয়ে স্কুলের ক্লাসঘরের মতো লাগে, সেই চেষ্টাই করেছিলেন শিক্ষকরা। হাজির হয় বেইবেইয়ের বন্ধুরা। নির্ধারিত সময়ে শুরু হয় ইংরেজির ক্লাস।
সেদিনের পাঠের বিষয় ছিল প্রত্নতত্ত্ব এবং চিনের বিখ্যাত সানশিংদুই মিউজিয়াম। শিক্ষকরা সহপাঠীদের বলে দিয়েছিলেন, যেন তারা অন্য দিনের মতোই স্বাভাবিক আচরণ করে। কেউ যেন অসুস্থ বন্ধুর সামনে আলাদা করে কোনও আবেগ প্রকাশ না করে। বেইবেইও যেন নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন মনে না করে।
কিন্তু তখনও তার শরীর যথেষ্ট অসুস্থ। ঘন ঘন নাক দিয়ে রক্ত পড়ছিল। ছিল তীব্র হাড়ের যন্ত্রণা এবং প্রবল জ্বর। সেই অবস্থাতেও ক্লাসে মন দিয়েছিল কিশোরী। শিক্ষকের সঙ্গে সঙ্গে পাঠের বিষয়বস্তু আওড়ানোর চেষ্টা করে সে। কিছুক্ষণের জন্য হলেও হাসপাতালের বিছানা ছেড়ে যেন ফিরে পেয়েছিল নিজের স্কুলজীবন।
শেষ ক্লাসের দু’দিন পরেই এল দুঃসংবাদ
সেই বিশেষ ক্লাসের দু’দিন পর, ৭ নভেম্বর, মৃত্যু হয় বেইবেইয়ের। তার মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা। যে মেয়েটির শেষ ইচ্ছা পূরণ করতে তাঁরা হাসপাতালেই স্কুলের পরিবেশ তৈরি করেছিলেন, সেই মেয়েটিই আর কোনও দিন ক্লাসে ফিরবে না।
পরে বেইবেইয়ের শেষ ক্লাসের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তা দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন অসংখ্য মানুষ। অনেকেই জানিয়েছেন, সুস্থ শরীরে স্কুলে যাওয়া, বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা ক্লাসে বসে পড়াশোনা করার মতো সাধারণ বিষয়গুলির গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না। অথচ মৃত্যুর মুখে দাঁড়িয়ে বেইবেইয়ের কাছে সেটুকুই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।
সমাজমাধ্যমে এক ব্যক্তির মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। তাঁর কথায়, বেইবেইয়ের শেষ ইংরেজির ক্লাসটি ছিল বন্ধুদের সঙ্গে তার শেষ পাঠ। আর সহপাঠীদের কাছে সেটিই হয়ে উঠেছিল বিদায়ের প্রথম পাঠ। জীবনের শেষ মুহূর্তেও পড়াশোনার প্রতি ভালবাসা হারায়নি বেইবেই। তার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে শিক্ষক ও সহপাঠীরা যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা মনে করিয়ে দিল—শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। কখনও কখনও একটি ক্লাসঘর, কয়েক জন বন্ধু আর একজন শিক্ষকের উপস্থিতিই হয়ে উঠতে পারে জীবনের সবচেয়ে মূল্যবান উপহার।




