নিউজ ডেস্ক: রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ের পর নতুন করে উত্তপ্ত মায়ানমারকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতি। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই সিদ্ধান্তকে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করল মায়ানমারের সামরিক সরকার। অন্যদিকে, রোহিঙ্গা শরণার্থী সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছে মালয়েশিয়া। যদিও সেই ঘোষণার পরেই সংশ্লিষ্ট সমাজমাধ্যমের পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে। ফলে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আইসিজে-র ঐতিহাসিক রায়ে বলা হয়, ২০১৭ সালে মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে সে দেশের নিরাপত্তা বাহিনীর অভিযান গণহত্যার পর্যায়ে পড়ে। গাম্বিয়ার দায়ের করা মামলার সাত বছর পর এই রায় দিল রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ আদালত। আদালতের ১৫ জন বিচারপতির মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন।
রায়ে উঠে এসেছে, ওই অভিযানে রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের গণহত্যা, মহিলাদের উপর ব্যাপক যৌন হিংসা এবং একাধিক গ্রাম পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। এই প্রথম কোনও রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী করল আইসিজে। কিন্তু আদালতের এই সিদ্ধান্ত মানতে নারাজ মায়ানমারের সামরিক সরকার। শুক্রবার রাজধানী নেপিদোয় সাংবাদিক বৈঠকে সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, মায়ানমারকে অন্যায় ভাবে অভিযুক্ত করা হয়েছে।
তাঁর বক্তব্য, আদালতের রায় সর্বসম্মত নয়। তাই এই সিদ্ধান্তকে ন্যায্য বলে মেনে নেওয়া যায় না। মায়ানমারের বিদেশ মন্ত্রকও জানিয়েছে, রায়ে বিচারপতিদের মধ্যে মতপার্থক্য ছিল। প্রমাণের গ্রহণযোগ্যতা এবং গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি মানদণ্ড নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
এই পরিস্থিতিতে চিনও আন্তর্জাতিক মহলকে সতর্ক করেছে। বেজিংয়ের বক্তব্য, আইসিজে-র রায়ের পর রোহিঙ্গা সমস্যাকে আরও জটিল করে তোলা উচিত নয়। আন্তর্জাতিক মহলের উচিত আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করা। এদিকে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চাপে রয়েছে মালয়েশিয়াও।
শুক্রবার সে দেশের উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি জানান, তুরস্কের সম্মতিতে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে সেখানে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একটি সুসংগঠিত দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করার কথা। শরণার্থী বাছাই, প্রশিক্ষণ, প্রয়োজনীয় নথিপত্র তৈরি এবং পুনর্বাসনের কাজে তুরস্কের প্রশাসন, রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে কাজ করবে মালয়েশিয়া।
তবে এই উদ্যোগে শরণার্থীদের সম্মতি এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানানো হয়েছিল। কিন্তু ঘোষণার পরেই উপপ্রধানমন্ত্রীর ফেসবুক পেজ থেকে সেই পোস্ট সরিয়ে দেওয়া হয়। কেন তা সরানো হয়েছে, সে বিষয়ে মালয়েশিয়া সরকারের তরফে কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। তুরস্কের বিদেশ মন্ত্রকও তাৎক্ষণিক ভাবে কোনও মন্তব্য করেনি। ফলে ১০ হাজার রোহিঙ্গাকে পুনর্বাসনের পরিকল্পনা আপাতত ঘোষণার স্তরেই রয়েছে।
রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারির শেষে মালয়েশিয়ায় মায়ানমার থেকে আসা প্রায় ১ লক্ষ ৯৩ হাজার নথিভুক্ত শরণার্থী ছিলেন। তাঁদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ রোহিঙ্গা। শরণার্থীদের নিয়ে স্থানীয় স্তরে অসন্তোষ, আর্থিক চাপ এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে মালয়েশিয়া। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ হাজারেরও বেশি মায়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও খবর।
২০১৭ সালে মায়ানমারের সামরিক অভিযানের জেরে প্রায় ৭ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। তাঁদের অনেকেই এখনও শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন। আইসিজে-র রায় সেই দীর্ঘদিনের নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি হলেও, বাস্তবে রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফেরা এবং ন্যায়বিচার পাওয়ার পথ এখনও অনিশ্চিত।




