কলম্বো, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: গলে যেখানে শেষ করেছিলেন, কলম্বোতে যেন সেখানে থেকেই শুরু করলেন দেবদত্ত পাড়িক্কাল। পরপর দু’টি টেস্টে শতরান করে ভারতীয় টেস্ট দলের তিন নম্বর জায়গাটাকে যেন নিজের করে নেওয়ার দাবি আরও জোরালো করলেন বাঁহাতি ব্যাটার। তাঁর ১১৭ রানের ইনিংসের সুবাদেই শুরুতে জোড়া ধাক্কা সত্ত্বেও প্রথম দিনের শেষে ৫ উইকেট খুইয়ে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৩০০ রান। টস জিতে ব্যাট করতে নামা ভারতকে শুরুতেই চাপে ফেলেছিল শ্রীলঙ্কা। ব্যক্তিগত ১৮ রানে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে কে এল রাহুল ফেরার কিছুক্ষণের মধ্যে আশিথা ফার্নান্ডোর বলে ৪৫ রানে বোল্ড যশস্বী জয়সওয়ালও।
সেই ধাক্কা সামলে ভারতকে টেনে তোলে পাড়িক্কাল আর অধিনায়ক শুভমান গিলের জুটি। তৃতীয় উইকেটে দু’জনে যোগ করেন ১২০ রান। গিল যথেষ্ট স্বচ্ছন্দে ব্যাট করে অর্ধশতরান (৫০) পূর্ণ করলেও তার পরেই ফেরেন। অসিথার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন ভারতীয় অধিনায়ক। অন্যদিকে, শুরুতেই একটি বড় জীবন পেয়ে গিয়েছিলেন পাড়িক্কাল। মাত্র ১ রানেই তাঁর ক্যাচ ফেলেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলেন ভারতীয় ব্যাটার।
শেষ পর্যন্ত ১৯৩ বলে ১২টি বাউন্ডারি সহযোগে ১১৭ রান করে ফেরেন পাড়িক্কাল। এই সিরিজের আগে সাই সুদর্শন চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে আগে পর পর দুই টেস্টে দুই শতরান করে ফেললেন পাড়িক্কাল। এতে ভারতীয় টেস্ট দলের তিন নম্বর ব্যাটার হিসেবে তাঁর দাবিটা আরও জোরালো হল বলেই মনে করা হচ্ছে। তবে দিনের শেষ লগ্নে কিছুটা হলেও লড়াইয়ে ফিরেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় নতুন বলে রবীন্দ্র জাডেজা ৪৩ রানে আউট হন। দিনের শেষে ধ্রুব জুরেল ৭ এবং সারাংশ জৈন ৪ রানে অপরাজিত।
তবে ভারতের শিবিরে উদ্বেগ বাড়িয়েছে ঋষভ পন্থের চোট। লাহিরু কুমারার একটি শর্ট বল পুল করতে গিয়ে বাঁ হাতের কব্জির ঠিক নীচে আঘাত পান তিনি। ১৫ বলে ৩ রান করে চিকিৎসার পর অবশেষে ‘রিটায়ার্ড হার্ট’ হন পন্থ। পরে তাঁকে প্যাড ছাড়াই মাঠের বাইরে দেখা যায়। মেডিক্যাল দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। একই সঙ্গে কলম্বোর পিচে স্পিনারদের জন্য ক্রমশ বাড়তে থাকা সাহায্যও চিন্তার। দ্বিতীয় দিনে সেই টার্ন আরও বাড়লে ব্যাটিং কঠিন হতে পারে। ফলে ভারতের লক্ষ্য এখন দ্রুত নীচের সারির ব্যাটারদের নিয়ে বড় রান তুলে শ্রীলঙ্কাকে ম্যাচ থেকে দূরে সরিয়ে দেওয়া। আর সেই লড়াইয়ের প্রথম দিনের নায়ক নিঃসন্দেহে পাড়িক্কাল। তাঁর ব্যাটে আপাতত স্বপ্ন দেখছে ভারত।