স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণায় আবেগপ্রবণ চেন্নাই সুপার কিংসের তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়াকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। শুধু সতীর্থ হিসেবেই নয়, ধোনির কাছ থেকে পাওয়া পরামর্শ তাঁর ক্রিকেটজীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটাও তুলে ধরেছেন ব্রেভিস। সমাজমাধ্যমে ধোনিকে উদ্দেশ্য করে একটি আবেগঘন বার্তা লিখে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ২৩ বছর বয়সি ব্যাটার।
https://x.com/CricWithLaksh/status/2123045627152232848?a=QauqmRlulZ38650sXiE&s=20
২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ক্রিকেটার থাকাকালীন প্রথমবার ধোনির সঙ্গে দেখা হয়েছিল ব্রেভিসের। সেই সময় থেকেই ভারতের প্রাক্তন অধিনায়কের প্রতি আলাদা শ্রদ্ধা তৈরি হয়েছিল তাঁর। এরপর ২০২৫ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর ধোনির সঙ্গে আরও কাছ থেকে সময় কাটানোর সুযোগ পান তিনি। ২০২৫ ও ২০২৬ মরশুমে একই সাজঘরে থাকার অভিজ্ঞতা যে তাঁর কাছে বিশেষ, তা স্পষ্ট ব্রেভিসের কথায়।
সমাজমাধ্যমে ব্রেভিস লিখেছেন, প্রথমবার ধোনিকে দেখার মুহূর্ত এখনও তাঁর মনে রয়েছে। প্রথম ম্যাচের পর তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছিলেন ধোনি। নিজের অভিজ্ঞতা থেকে নানা পরামর্শও দিয়েছিলেন। সেই কথাগুলি আজও তাঁর মনে গেঁথে রয়েছে। ধোনির মতো একজন কিংবদন্তির কাছ থেকে শেখার সুযোগ পাওয়াকে বড় সৌভাগ্য বলে মনে করেন তিনি। আগামী দিনেও তাঁকে মেন্টর হিসেবে পাশে পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ব্রেভিস।
উল্লেখ্য, আইপিএলে দীর্ঘ ১৮ বছরের ক্রিকেটজীবনে ২৭৮টি ম্যাচ খেলেছেন ধোনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৫৪৩৯ রান। অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন তিনি। ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে খেতাব জিতেছিল চেন্নাই। উইকেটরক্ষক হিসেবেও তাঁর সাফল্য নজরকাড়া। আইপিএলে মোট ২০৫টি শিকার রয়েছে তাঁর ঝুলিতে। এর মধ্যে ১৫৮টি ক্যাচ এবং ৪৭টি স্টাম্পিং।
২০২৭ মরসুম থেকে ক্রিকেটার হিসেবে নয়, দলের মেন্টরের ভূমিকায় দেখা যাবে ধোনিকে। অর্থাৎ মাঠে ব্যাট হাতে না নামলেও চেন্নাইয়ের সাজঘরে তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ পাবেন তরুণ ক্রিকেটাররা। ২০২৫ সালের এপ্রিল মাসে চেন্নাইয়ে যোগ দিয়েছিলেন ব্রেভিস। এখনও পর্যন্ত দলের হয়ে ১৭টি ম্যাচে ৩৭৬ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ২৬.৮৬ এবং স্ট্রাইক রেট ১৫৪.৭০। আগামী মরশুমের জন্যও তাঁকে ধরে রেখেছে চেন্নাই। ফলে ধোনির নতুন ভূমিকায় তাঁর কাছ থেকে আরও শেখার সুযোগ পাবেন ব্রেভিস। তরুণ ক্রিকেটারের কাছে সেটাই এখন সবচেয়ে বড় প্রাপ্তি।




