স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৭-এর আগে দল গোছানোর লড়াই শুরু হয়ে গিয়েছে। ক্রিকেটার ধরে রাখার তালিকা প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়েছে, গত মরসুমের সফল ও ব্যর্থ দলগুলির পরিকল্পনায় রয়েছে বড়সড় ফারাক। প্রথম চারটি দল নিজেদের পুরনো শক্তির উপর ভরসা রাখলেও, তালিকার শেষ দিকে থাকা চারটি দল নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে নিলামের জন্য হাতে থাকা অর্থের পরিমাণে এগিয়ে রয়েছে পিছিয়ে থাকা দলগুলি। ২০২৬ সালের আইপিএলে প্রথম চার স্থানে শেষ করা দলগুলি মোট ৭৯ জন ক্রিকেটারকে ধরে রেখেছে।
অন্যদিকে, শেষ চারটি দল নিজেদের দলে রেখেছে ৭০ জনকে। নিলামের আগে প্রথম চার দলের সম্মিলিত অর্থের পরিমাণ ৯০.১০ কোটি টাকা। সেখানে শেষ চার দলের হাতে রয়েছে ১৪৯.৭৫ কোটি টাকা। সব মিলিয়ে দশটি দলের হাতে থাকছে ২৯৭.৯৫ কোটি টাকা। ১৮৪ জন ক্রিকেটারকে ধরে রাখার পর নিলামে ৬৬টি জায়গা পূরণের সুযোগ রয়েছে দলগুলির সামনে। আগামী ১৬ ডিসেম্বর বসবে এই নিলামের আসর।
গত দু'বারের চ্যাম্পিয়ন দল আরিসিবি এবারও নিজেদের মূল শক্তিকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিরাট কোহলি, রজত পাটিদার, ফিল সল্ট, জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমারের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দলে রেখেছে তারা। মোট ২০ জন ক্রিকেটারকে ধরে রেখেছে দলটি। তবে জ্যাকব বেথেলের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নজর কেড়েছে। নিলামের আগে তাদের হাতে রয়েছে ১৪.১৫ কোটি টাকা।
রানার্স গুজরাত টাইটান্স আবার সবচেয়ে বেশি ২২ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তবে গত মরসুমে শেষের দিকের ওভারে ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই সমস্যা ছিল তাদের। সেই দুর্বলতা কাটাতে সানরাইজার্স হায়দরাবাদ থেকে হর্ষল প্যাটেলকে দলে নিয়েছে গুজরাত।
অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দিয়েছে ট্রাভিস হেডকে। আগামী মরসুমে তিনি খেলবেন না বলে আগেই জানিয়েছিলেন। বোলিং বিভাগকে শক্তিশালী করতে নাথান এলিস, খলিল আহমেদ ও টি নটরাজনকে দলে নিয়েছে তারা। রাজস্থান রয়্যালস আবার মহম্মদ শামি ও মনিমারণ সিদ্ধার্থকে যুক্ত করে বোলিংয়ে নতুন মাত্রা যোগ করতে চাইছে। কম রান পাওয়ায় শিমরন হেটমায়ারকে ছেড়ে দিয়েছে দলটি।
সব মিলিয়ে সফল দলগুলির লক্ষ্য যেখানে ধারাবাহিকতা বজায় রাখা, সেখানে পিছিয়ে থাকা দলগুলির সামনে নতুন করে শক্তিশালী দল গড়ার সুযোগ। তাই আগামী নিলামে শুধু তারকা কেনা নয়, সঠিক ক্রিকেটার বেছে নেওয়াই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।




