নিউজ ডেস্ক: বরফের পাহাড়, মেরু ভাল্লুক, বিরল খনিজ সম্পদ কিংবা আন্তর্জাতিক ভূ-রাজনীতির টানাপড়েন—গ্রিনল্যান্ডের কথা উঠলে সাধারণত এই ছবিগুলিই চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু এ বার বিশ্বের বৃহত্তম দ্বীপের পরিচিতি বদলাতে চাইছেন একদল রাঁধুনি। তাঁদের লক্ষ্য, গ্রিনল্যান্ডের ঐতিহ্যবাহী ইনুইট খাবারকে আধুনিক রান্নার কৌশলে সাজিয়ে আন্তর্জাতিক মানের বিলাসবহুল খাবারের অভিজ্ঞতা তৈরি করা। মেরুপ্রদেশের দুর্গম পরিবেশে সেই উদ্যোগ অবশ্য মোটেই সহজ নয়। প্রায় ৫৬ হাজার মানুষের বাস গ্রিনল্যান্ডে। এখানকার খাদ্যসংস্কৃতির শিকড় বহু পুরনো। শিকার এবং মাছ ধরার উপর নির্ভর করেই গড়ে উঠেছে স্থানীয়দের খাবারের অভ্যাস। রেইনডিয়ার, মাস্ক অক্স, ভেড়ার মাংস থেকে শুরু করে চিংড়ি, স্নো ক্র্যাব, তিমি এবং হ্যালিবাট মাছ—বিভিন্ন স্থানীয় উপাদান ব্যবহার করা হয় রান্নায়। এ বার সেই খাবারকেই নতুন রূপে পরিবেশন করছেন আধুনিক রন্ধনশিল্পীরা। ইলুলিসাট শহরের হোটেল আর্কটিকে দু’বছর আগে চালু হয়েছে ‘রেস্তরাঁ উলো’। চারতারা হোটেলটি বিশ্বের সবচেয়ে উত্তরের চারতারা হোটেলগুলির অন্যতম বলে পরিচিত। রেস্তরাঁর নাম এসেছে ‘উলো’ থেকে। এটি মহিলাদের ব্যবহৃত ঐতিহ্যবাহী অর্ধচন্দ্রাকৃতির একটি ছুরি, যা শিকার এবং খাবার তৈরির কাজে ব্যবহৃত হয়।
রেস্তরাঁটির প্রধান রাঁধুনি সুদর্শন সুন্দররাজ ছ’বছর আগে নিজের দেশ শ্রীলঙ্কা ছেড়ে গ্রিনল্যান্ডে এসেছেন। তাঁর কথায়, ‘এখানে কোনও ফাইন ডাইনিং সংস্কৃতি নেই। আমরা চেয়েছিলাম আধুনিক রান্নার কৌশল, গ্যাস্ট্রোনমি এবং মূলত গ্রিনল্যান্ডের নিজস্ব উপাদান ব্যবহার করে সেই সংস্কৃতি তৈরি করতে। সেটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ তাঁর আরও বক্তব্য, ‘এখানে আসা পর্যটকদের গ্রিনল্যান্ডকে নতুন ভাবে চেনানো এবং তার অভিজ্ঞতা দেওয়াই আমাদের উদ্দেশ্য।’
উলো-তে ১৩ পদের বিশেষ খাবারের আয়োজন রয়েছে। জনপ্রতি খরচ ৩৯০০ ড্যানিশ ক্রোনার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০ হাজার টাকার কাছাকাছি। এর মধ্যে ওয়াইনও অন্তর্ভুক্ত। মেনুর অন্যতম আকর্ষণ ‘রেকলিং’। বাতাসে শুকনো হ্যালিবাট মাছকে বিশেষ পদ্ধতিতে তৈরি করে তুলোর মতো নরম খাবার হিসাবে পরিবেশন করা হয়। রেস্তরাঁর সহকারী রাঁধুনি ডেনমার্কের এসবেন স্টাউন-ওলসেনের কথায়, ‘আমরা ভেবেছিলাম, গ্রিনল্যান্ডকে বিশেষ করে তুলেছে কী? অনেক কিছুই রয়েছে। তবে তার মধ্যে অন্যতম হল এখানকার অত্যন্ত উন্নত মানের প্রোটিন।’
তবে বিশ্বের একেবারে প্রান্তে এমন রেস্তরাঁ চালানো সহজ নয়। প্রতি বছর ইলুলিসাটে টানা ৪৪ দিন সূর্যের আলো দেখা যায় না। তীব্র শীতের কারণে স্থানীয় ভাবে সব্জি উৎপাদন কঠিন। অনেক সময় সমুদ্রবন্দর বরফে ঢেকে যাওয়ায় সরবরাহকারী জাহাজও শহরে পৌঁছতে পারে না। ফলে উলো-র অধিকাংশ সব্জিই আমদানি করতে হয়। আবহাওয়ার কারণে সেই সরবরাহও নিয়মিত থাকে না।
শুধু ইলুলিসাট নয়, গ্রিনল্যান্ডের অন্য শহরগুলিতেও তৈরি হচ্ছে নতুন রেস্তরাঁ। রাজধানী নুকের হোটেল হান্স এগেদের রেস্তরাঁ সারফালিকে ফিয়র্ড ও পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে তাজা মাছের নানা পদ পাওয়া যায়। দক্ষিণের কাকোর্তোক শহরে নতুন খোলা বিস্ত্রো তামাসায় পরিবেশন করা হচ্ছে রেইনডিয়ারের স্টেক, ভেড়ার মাংস এবং ঐতিহ্যবাহী গ্রিনল্যান্ডিক স্যুপ।
তবে স্থানীয় খাদ্যসংস্কৃতির আসল পরিচয় বুঝতে শুধু বিলাসবহুল রেস্তরাঁয় গেলেই হবে না। ঢুকতে হবে সাধারণ মানুষের বাড়িতেও। গ্রিনল্যান্ডের অন্যতম জনপ্রিয় সামাজিক ঐতিহ্য ‘কাফেমিক’। স্থানীয় ভাষায় যার অর্থ অনেকটা ‘কফির সঙ্গে’। কফি, খাবার এবং আড্ডাকে কেন্দ্র করে এই পারিবারিক জমায়েত চলে প্রায় সারাদিন। নতুন শিশুর জন্ম, জন্মদিন কিংবা অন্য কোনও আনন্দের উপলক্ষে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা একত্রিত হন।
স্থানীয় বাসিন্দা ক্যাথরিন জোহানসেনের কথায়, ‘এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় পরিবারে বড় হয়েছি। ছোটবেলা থেকেই অনেক কাফেমিকে অংশ নিয়েছি। এই ঐতিহ্যের মধ্যেই আমাদের জীবনযাপন।’ এখানকার ঐতিহ্যবাহী খাবারের অন্যতম ‘ম্যাটাক’। কাঁচা তিমির চামড়া ও চর্বি দিয়ে তৈরি এই খাবার ইনুইট খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ২৪ বছরের পর্যটক গাইড নিকলাস জোহানসেনের কথায়, ‘বহু বছর ধরে আমাদের মধ্যে এই খাবার খাওয়ার রীতি রয়েছে। আমার খুব ভাল লাগে। সাধারণত টাটকা অবস্থাতেই এ ভাবে খাই।’
অর্থাৎ গ্রিনল্যান্ডে ফাইন ডাইনিংয়ের নতুন সংস্কৃতি তৈরি হলেও তার ভিত্তি আমদানি করা বিলাসবহুল উপাদান নয়। বরং বরফের দেশের নিজস্ব খাবার, মানুষের জীবনযাত্রা এবং কয়েক শতকের ঐতিহ্যকেই বিশ্বের সামনে তুলে ধরতে চাইছেন নতুন প্রজন্মের রাঁধুনিরা।




