নিউজ ডেস্ক: মধ্যরাতে তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে চলল CID ও পুলিশের যৌথ অভিযান। বুধবার মধ্য রাতে ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিমের বাড়ির সামনে পৌঁছে যান তদন্তকারীরা। তবে সেই সময় বাড়িতে বিধায়কের দেখা মেলেনি। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেননি বলেই জানা গিয়েছে।
সূত্রের খবর, সরিষার তৃণমূল পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনার তদন্তে মগরাহাট পশ্চিমের বিধায়কের বাড়িতে যান তদন্তকারীরা। একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা বারবার দরজা খোলার কথা বলছেন। সেখানে শোনা বলতে শোনা যায়,‘দরজা খুলুন, কেউ বাড়িতে আছেন’ বলে ডাকাডাকি শুরু করে পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে বাড়ির গেটে ধাক্কা দেন তদন্তকারীরা। তবুও কারোর কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। বাড়িতে কারও সাড়া শব্দ না পেয়ে বাধ্য হয়ে ফিরে যায় সিআইডির দল।
সম্প্রতি, ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। সেই ঘটনায় মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের নাম জড়ায়। টাকা উদ্ধারের ঘটনায় তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিধায়ক। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে CBI তদন্ত চেয়ে মামলা করেছেন তিনি। পাশাপাশি গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে আদালতের রক্ষাকবচও চেয়েছেন।
শুধু টাকা উদ্ধারের ঘটনাই নয়, বিধায়কের বিরুদ্ধে জমি দখল ও তোলাবাজির মতো অভিযোগও উঠেছে। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত নয়। অন্যদিকে, শামিম আহমেদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে তাঁর বাড়িতে CID ও পুলিশের মধ্যরাতের যৌথ অভিযান ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর।




