পশ্চিম মেদিনীপুর: যে বয়সে স্কুলে গিয়ে পড়াশোনা করার কথা, সেই বয়সেই সন্তানের জন্ম দিল এক নাবালিকা স্কুলছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়ায়। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ওই ছাত্রীর। অথচ তার আগেই এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হল তাকে। দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সম্পর্কে তার এক দাদুর বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ৫৫ বছর বয়সি নিরঞ্জন পাখিরাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি পাঁশকুড়া থানা এলাকায়। সম্পর্কে তিনি ওই ছাত্রীর বাবার পিসেমশাই। অভিযোগ, আত্মীয় হওয়ার সুবাদে মাঝেমধ্যেই বাড়িতে আসতেন অভিযুক্ত। সেই সুযোগে নাবালিকার উপর দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালাতেন তিনি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই স্কুলছাত্রী।
গত শনিবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয় দাসপুর থানা এলাকার ওই নাবালিকা। পরে সন্তানের জন্ম দেয় সে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়। এরপরই সামনে আসে নাবালিকার ভয়াবহ অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করে পাঁশকুড়া থানা থেকে দাসপুর থানায় নিয়ে আসা হয়।
দাসপুরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রথমে জিরো এফআইআর দায়ের হয়। পরে দাসপুর থানায় আলাদাভাবে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। ধৃতকে ঘাটাল আদালতে পেশ করার কথা। তবে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে না বলেও জানিয়েছেন ওই আধিকারিক।
এই ঘটনায় নাবালিকার দাবি, "এই ঘটনার জন্য দায়ী আমার সম্পর্কের এক দাদু। বাড়িতে এমনিই মাঝেমধ্যে এই দাদু আসতেন। এরপর আমার সঙ্গে জোর করে এসব করে। কিন্তু কখনও ভাবতে পারিনি এই ধরনের ঘটনা ঘটে যাবে। এর জন্য আমার বাবা-মা দায়ী নয়।"
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কৌশিক কুমার ঢল জানিয়েছেন, মা ও সদ্যোজাত সন্তান দু'জনেই সুস্থ রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। অন্যদিকে, অভিযুক্তকে দাসপুর থানায় আনার পর নিজের ভুল হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, একদিন আগেই মেদিনীপুরের সরকারি অনুষ্ঠান থেকে শিশু ও কন্যাদের উপর অত্যাচারের ঘটনায় জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই এমন গুরুতর অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর সেই বার্তা প্রশাসন কতটা কঠোরভাবে কার্যকর করে, এখন সেটাই দেখার।
পাশাপাশি প্রশ্ন উঠছে, পরিবারের অন্দরেই দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ থাকলেও তা এতদিন সামনে এল না কেন? নাবালিকার পড়াশোনা, নিরাপত্তা এবং সদ্যোজাতের ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত হবে? এখন প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, মা ও শিশুর যথাযথ সুরক্ষা এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা।




