নিউজ ডেস্ক: হাসপাতালে সুস্থ হয়ে বাড়ি ফেরার আশাতেই ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু চিকিৎসার মাঝে ঘটে যায় এমন এক ঘটনা, যা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে হাসপাতালে পরিষেবা ও স্বাস্থ্য কর্মীদের দায়িত্ববোধ নিয়ে। একদিকে রোগীর শারীরিক অবস্থার অবনতি অন্যদিকে রক্ত দেওয়ার প্রক্রিয়ায় গুরুতর গাফিলতির অভিযোগ। শেষ পর্যন্ত সমস্ত লড়াই থেমে গেল। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল বীরেন্দ্রনাথ শর্মার।
জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত শুক্রবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন কচুয়া-বোয়ালমারীর বাসিন্দা বীরেন্দ্রনাথ শর্মা। চিকিৎসকদের পরামর্শে তাঁকে রক্ত দেওয়া শুরু হয়। প্রথমে এক ইউনিট রক্ত দেওয়া হলেও শনিবার দ্বিতীয় ইউনিট রক্ত দেওয়ার সময় বিপত্তি ঘটে বলে অভিযোগ। রোগীর "এবি পজিটিভ" রক্তের পরিবর্তে তাঁকে "এ পজিটিভ" রক্ত দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পাশাপাশি রানীনগরের বাসিন্দা বুলীন রায়কে "এ পজিটিভ" এর বদলে "এবি পজিটিভ" রক্ত দেওয়া হয়। তার অবস্থা অবশ্য স্থিতিশীল। অভিযোগ, মেডিসিন বিভাগের একই ওয়ার্ডের ভর্তি ওই দুই রোগীর রক্তের ব্যাগ অদলবদল হয়ে কর্তব্যরত নার্সদের গাফিলতিতে।
পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ডায়ালিসিস করানো হয়। মঙ্গলবার রাতে আরও এক ইউনিট রক্ত দেওয়ার প্রয়োজন হয়। বিজেপির জেলা সহ-সভাপতি বুবাই কর রাতেই ব্লাড ব্যাংকে গিয়ে নিজের এবি পজিটিভ রক্ত দান করেন।
কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরবর্তীতে হাসপাতালের বেডেই ডায়ালিসিসের ব্যবস্থা করা হয়। এরপরই কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার সকালে মৃত্যু হয় তাঁর।
এদিকে, মৃতের পরিবার রক্ত অদলবদলের ঘটনায় কোনও অভিযোগ জানাবে না বলে জানিয়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ এদিন দুপুরে পরিবারের হাতে দেহ তুলে দেয়। দেহ নিয়ে বাড়ি ফিরে যান পরিবারের সদস্যরা। অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বীরেন্দ্রনাথ শর্মার আগে থেকেই দুটি কিডনি বিকল ছিল। পাশাপাশি রক্তাল্পতা-সহ একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। মাল্টি অর্গান ফেইলিওরের পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
তবে ভুল রক্ত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের কমিটি গঠন করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার সময় কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের শোকজও করা হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। তদন্ত রিপোর্ট সামনে এলে তবেই বিষয়টি স্পস্ট হবে।
মৃত্যুর খবর শুনে বুধবারও হাসপাতালে ছুটে এসেছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি বুবাই কর। রক্ত অদলবদলের ঘটনায় তিনি জানিয়েছেন, কোনও ভুলই বাঞ্জনীয় নয়। স্বাস্থ্য মন্ত্রীর নির্দেশে পদক্ষেপ শুরু হয়েছে, তাঁদের দল মৃতের পরিবারের পাশে রয়েছে। তদন্তেই রিপোর্ট এই স্পষ্ট হবে, এই ঘটনায় প্রকৃত গাফিলতি ছিল কি না।




