হাবিবুর রহমান, ঢাকা : বাংলাদেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ঘটনার মধ্যে কোথাও বাস ও রেললাইনে আগুন দেওয়া হয়েছে, কোথাও পুলিশ বক্স, রাজনৈতিক নেতার বাড়ি ও রাজনৈতিক কার্যালয় এবং ড. ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করে আতংক সৃষ্টি করা হয়। আবার কোথাও সড়ক অবরোধ ও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটেছে। ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলা শহরেও এসব সহিংস কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত বাংলাদেশে অন্তত ২১ জেলায় এসব ঘটনা ঘটে। এতে প্রাণ হারিয়েছেন চারজন।
বুধবার রাতে নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা ও অগ্নিসংযোগে দুইজন নিহত এবং বেশ ১০/১২ জন আহত হয়েছেন। নিহত দু’জন হলেন, কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।

বুধবার রাতে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের পৈত্রিক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া চট্টগ্রাম নগরীর নিউ মার্কে মোড়ে একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও চট্টগ্রাম-হাটহাজারী সড়কের চবি ১ নম্বর গেইটের সামনেও নিষিদ্ধ ছাত্রলীগ বিক্ষেভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে। কর্ণফুলী থানাধীন মইজ্যার টেক এলাকায় নৈরাজ্যবিরোধী বিএনপির একটি মিছিলে বাস তুলে দিলে অন্তত ৭ নেতা-কর্মি আহত হন।
ঢাকার মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের অফিসের আসবাবপত্র ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এরই মধ্যে গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ ২১ জেলায় বিভিন্ন ধরনের নাশকতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত বিভিন্ন জেলায় সংঘটিত নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নড়াইলে দুজন, পিরোজপুরে একজন এবং ফরিদপুরে একজন রয়েছেন। তাদের তিনজন বিএনপির নেতা। অন্যজন পিরোজপুরে বাসের হেলপার, যিনি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের সহকারী (হেলপার) সিয়াম (২৫) আগুনে পুড়ে মারা যান। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।

ভান্ডারিয়া থানা পুলিশ জানায়, বুধবার ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বাহক পরিবহন ও লিসা পরিবহন নামের দুটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পরে বাহক পরিবহনের ভেতর থেকে সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনাটি নিশ্চিত করেছেন।




