নিউজ ডেস্ক: রাশিয়ার তৈরি পুরনো ও অকার্যকর অস্ত্র সরিয়ে ভারতের উচিত আমেরিকার অস্ত্রশস্ত্র কেনা। এমনই পরামর্শ দিলেন মার্কিন কংগ্রেস সদস্য মাইকেল বমগার্টনার। শুধু অস্ত্র নয়, ইউরোপের এয়ারবাসের পরিবর্তে আমেরিকার বোয়িং বিমান কেনার পক্ষেও সওয়াল করেছেন ওয়াশিংটন প্রদেশের এই রিপাবলিকান নেতা। বুধবার ক্যাপিটল হিলে দীপাবলি উদ্যাপনের অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত-আমেরিকা প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্কের প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় ভারতীয় দূতাবাসের উপপ্রধান নামগ্যা খাম্পা। বমগার্টনার মার্কিন কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটির সদস্য। ভারত ও আমেরিকার মধ্যে অর্থনৈতিক এবং নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বলেও জানিয়েছেন তিনি।
সমাজমাধ্যম এক্সে নিজের বক্তব্য জানাতে গিয়ে বমগার্টনার লেখেন, ‘ভারতের কাছে আমেরিকার রফতানি যত বাড়বে, ততই দুই দেশের পক্ষে ভাল। রাশিয়ার পুরনো, অকার্যকর অস্ত্রের পরিবর্তে আমেরিকার অস্ত্র ব্যবস্থা, এয়ারবাসের তুলনায় উন্নত বোয়িং বিমান এবং বিশ্বের সেরা মসুর ডাল—সব কিছুই দুই মহান দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’
ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই রাশিয়া অন্যতম প্রধান সরবরাহকারী। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক এবং বিভিন্ন সামরিক সরঞ্জামের ক্ষেত্রে মস্কোর সঙ্গে দিল্লির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলিতে আমেরিকা-সহ পশ্চিমের বিভিন্ন দেশের কাছ থেকেও প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে ভারত। সেই প্রেক্ষাপটে বমগার্টনারের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এ দিন নিজের রাজ্য ওয়াশিংটনে দীপাবলি অনুষ্ঠানে বর্ণবিদ্বেষী হামলার প্রসঙ্গও তোলেন মার্কিন কংগ্রেস সদস্য। তাঁর অভিযোগ, কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটনের একটি দীপাবলি উদ্যাপনের অনুষ্ঠান কিছু প্রচারলোভী বর্ণবিদ্বেষী ব্যক্তি বিঘ্নিত করেছিলেন। সেই ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ক্যাপিটল হিলের দীপাবলি অনুষ্ঠানে যোগ দিতে পেরে তিনি খুশি।
বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা, এশিয়ান আমেরিকান হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, হিন্দু আমেরিকান ফাউন্ডেশন-সহ একাধিক সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কংগ্রেস সদস্য গ্রেস মেং, সুহাস সুব্রহ্মণ্যম, শ্রী থানেদার, নিক লা-লোটা, রাজা কৃষ্ণমূর্তি-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ছিলেন কংগ্রেসে নির্বাচিত পিয়া দান্ডিয়াও। অনুষ্ঠানে প্রদীপ জ্বালান মিসিসিপির প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর স্কট কলমও।




