স্পোর্টস ডেস্ক: প্রায় দু'দশকের ফুটবলজীবনে জিতেছেন বিশ্বকাপ, ইউরো কাপ, চ্যাম্পিয়ন্স লিগ। খেলেছেন চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো বিশ্বখ্যাত ক্লাবে। সেই বর্ণময় কেরিয়ারে এ বার ইতি টানলেন স্পেনের তারকা মিডফিল্ডার হুয়ান মাতা। বুধবার ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করলেন তিনি। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান মাতা।
সেখানে আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘কখনও কখনও ভালবাসার অর্থ ছেড়ে দিতে শেখা... ধন্যবাদ ফুটবল।’ ভিডিয়োটি রেকর্ড করা হয়েছিল ওভিডিওর জুভেন্তুদ এস্তাদিওর সাজঘরে। মাত্র ১০ বছর বয়সে সেখানেই সংগঠিত ফুটবলের হাতেখড়ি হয়েছিল তাঁর।
স্পেনের সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ছিলেন মাতা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন তিনি। ২০১২ সালে ইউরো কাপের ফাইনালে ইতালির বিরুদ্ধে ৪-০ গোলে জয়ের ম্যাচে গোলও করেছিলেন। দেশের হয়ে ৪১টি ম্যাচে ১০টি গোল রয়েছে তাঁর।
ক্লাব ফুটবলে মাতা প্রথম নজর কাড়েন ভ্যালেন্সিয়ায়। তার আগে রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমিতে ফুটবলের পাঠ নিয়েছিলেন তিনি। ২০১১ সালে যোগ দেন চেলসিতে। প্রথম মরসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান। ২০১২ সালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ সেরা হয়েছিল চেলসি। পাশাপাশি এফএ কাপ এবং ২০১৩ সালে ইউরোপা লিগও জেতেন তিনি।
২০১৪ সালের জানুয়ারিতে যোগ দেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডে কাটান প্রায় সাড়ে আট বছর। ২৮৫টি ম্যাচে লাল জার্সিতে প্রতিনিধিত্ব করেন। জেতেন এফএ কাপ, ইউরোপা লিগ, লিগ কাপ এবং কমিউনিটি শিল্ড।
ইংল্যান্ড ছাড়ার পরেও ট্রফি জেতা থামেনি মাতার। গালাতাসারাইয়ের হয়ে তুরস্কের লিগ এবং ভিসেল কোবের হয়ে জাপানের লিগ জেতেন। কেরিয়ারের শেষ পর্ব কাটান অস্ট্রেলিয়ায়। মেলবোর্ন ভিক্টরির হয়ে ২০২৫-২৬ মরসুমে পাঁচটি গোল এবং ১৩টি অ্যাসিস্ট করেন। অস্ট্রেলিয়ার লিগের সেরা ফুটবলার হিসেবে জেতেন জনি ওয়ারেন মেডেল। মাঠের বাইরেও সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন মাতা। ২০১৭ সালে কমন গোল নামে একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা তিনি। এই উদ্যোগের মাধ্যমে ফুটবলারদের আয়ের এক শতাংশ সমাজকল্যাণমূলক কাজে দান করার আহ্বান জানানো হয়।
সেপ্টেম্বরে মেলবোর্ন ভিক্টরি ছাড়ার পর ক্লাবটির মালিকানায় অংশীদারিত্ব নেন মাতা। পাশাপাশি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্বও গ্রহণ করেন। ফুটবল থেকে অবসর নিলেও খেলার সঙ্গে তাঁর সম্পর্ক যে এখনই শেষ হচ্ছে না, তা স্পষ্ট।




