নিউজ ডেস্ক: সাংবাদিকতা কি শুধুই সংবাদমাধ্যমের পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ? এই প্রশ্ন ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে দিল্লিতে। সুপ্রিম কোর্টে দিল্লি পুলিশের জমা দেওয়া হলফনামার বিরুদ্ধে সরব হয়েছেন সাংবাদিকরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, 'তাঁরা রিল মেকার নন, সাংবাদিক।'
সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্তা ও আটক করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় দিল্লি পুলিশ। পুলিশের বক্তব্য, বর্তমানে বহু ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর ও রিল নির্মাতা ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকেন। ফলে আসল সাংবাদিক এবং বিক্ষোভকারীদের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়।
পুলিশের দাবি, সংবাদমাধ্যমের স্বাধীনতাকে তারা সম্মান করে। তবে শুধুমাত্র ক্যামেরা বা মাইক্রোফোন থাকলেই কাউকে সাংবাদিকের মর্যাদা দেওয়া যায় কি না, তা বিবেচনার বিষয়। যদিও পুলিশের হলফনামায় এটাও স্পষ্ট করা হয়েছে, সাংবাদিক হতে হলে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র স্বীকৃতি বা কোনও প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে চাকরি করা বাধ্যতামূলক নয়। শীর্ষ আদালতে পুলিশের এই যুক্তির বিরোধিতা করেছেন একাধিক সাংবাদিক। তাঁদের বক্তব্য, সংবাদ পরিবেশনের মাধ্যম বদলালেও সাংবাদিকতার মৌলিক কাজ বদলায় না। মাঠে থেকে তথ্য সংগ্রহ, ঘটনার নথিবদ্ধকরণ, তথ্য যাচাই এবং সাধারণ মানুষের কাছে খবর পৌঁছে দেওয়াই সাংবাদিকতার মূল উদ্দেশ্য। ইনস্টাগ্রাম বা ইউটিউবে খবর প্রকাশ করলেই কাউকে রিল মেকার বলে দাগিয়ে দেওয়া যায় না।




