কলকাতা, নিউজ ডেস্ক: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সঙ্গীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। তাঁদের বিরুদ্ধে বাগুইআটি থানায় জিরো FIR দায়ের করলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। অভিযোগপত্রে রাজ্যের একাধিক সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ঘিরে যৌন নির্যাতন, নারী পাচার, জোর করে যৌন ব্যবসায় যুক্ত করা, আর্থিক দুর্নীতি এবং তোলাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। মোট ৩১ জনের বিরুদ্ধে জিরো এফআইআর দায়েরের আবেদন জানানো হয়েছিল বলে অভিযোগকারীর বক্তব্য।
অভিযোগকারীর দাবি, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, নন্দন এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির মতো সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ চলেছে। বিশেষ করে চুক্তিভিত্তিক মহিলা কর্মীদের চাকরি ও বেতন বজায় রাখার শর্তে যৌন হেনস্তা এবং মানসিক নির্যাতনের শিকার হতে হত বলে অভিযোগ করেছেন তিনি। নিজের অভিযোগের সমর্থনে শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের একটি প্রকাশ্য সাক্ষাৎকার এবং ব্রাত্য বসুর প্রাক্তন ব্যক্তিগত সহকারী পৃথ্বীশের বক্তব্যের কথাও উল্লেখ করেছেন রাজীব সরকার। পাশাপাশি, অভিযোগের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে একাধিক নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বলে খবর সামনে এসেছে। সম্ভাব্য নির্যাতিতাদের নিরাপত্তা নিশ্চিত করা, সাক্ষীদের সুরক্ষা দেওয়া এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আর্জি জানানো হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৭৩(১) ধারার উল্লেখ করেছেন রাজীব সরকার। অভিযোগের ভিত্তিতে তদন্ত কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর। তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। অভিযুক্তদের বক্তব্য বা প্রতিক্রিয়া জানা যায়নি।




