কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা মেডিক্যাল কলেজে বহিরাগতদের হামলার অভিযোগ! আজ, বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ইন্টার্ন চিকিৎসকদের। চোরবাগান পদপিষ্টের ঘটনায় আহতদের চিকিৎসা ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলার পর আট ইন্টার্ন চিকিৎসককে শোকজ করেছিল স্বাস্থ্য দফতর। সেই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর। শোকজ নোটিস প্রত্যাহার এবং তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের দাবিতে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে চলে অবস্থান বিক্ষোভ।
বিক্ষোভ চলাকালীনই বহিরাগতদের প্রবেশ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, ABVP-র পরিচয় দিয়ে একদল বহিরাগত মেডিক্যাল কলেজে ঢুকে তাঁদের উপর হামলা চালায়। ইট ও বাঁশ নিয়ে হামলার পাশাপাশি ভাঙচুরের অভিযোগও উঠেছে। এক ইন্টার্নের দাবি, ঘটনার ভিডিয়ো করার সময় তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে মারধর করা হয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে ABVP।
এই ঘটনার প্রতিবাদেই আজ, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ ফের কলকাতা মেডিক্যাল কলেজ জমায়েতের ডাক দিয়েছেন চিকিৎসকরা। বিভিন্ন সংগঠনকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এরপর কলেজ স্ট্রিট পর্যন্ত প্রতিবাদ মিছিলের কর্মসূচিও রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে, আট ইন্টার্নের শোকজ প্রত্যাহার এবং তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের দাবিতেও অনড় জুনিয়র চিকিৎসকরা।




