কলকাতা, নিউজ ডেস্ক: ‘অ্যাকভান’ উপকূলের দিকে যত এগোচ্ছে, বৃষ্টির পরিমাণ তত বাড়ছে। তার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার দুপুরেই ঘূর্ণিঝড় আকভান-এর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। কতদিন চলবে ঝড়-বৃষ্টি?
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর, শুক্রবার দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে 'আকভান'। পুরীর কাছেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে। ইতিমধ্যে, প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে ওড়িশার গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, কন্ধমালে। বন্ধ করে দেওয়া হয়েছে পুরীর গুন্ডিচা মন্দির। ২২তারিখ পর্যন্ত পর্যটকদের পুরীতে না আসার অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফে। যেসব পর্যটক রয়েছেন, তাদের পুরী ছাড়ার অনুরোধ করা হয়েছে। শনিবার পর্যন্ত সমস্ত সরকারি, সরকারপোষিত ও বেসরকারি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী শুক্রবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী রবিবার পর্যন্ত চলতে পারে এই ঝড়-বৃ্ষ্টি।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। জলপথে বিভিন্ন এলাকায় নৌকা নিয়ে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য বিপদ এবং প্রশাসনের নির্দেশ অমান্য করে সমুদ্রে না যাওয়ার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত উপকূলবর্তী এলাকায়।আবহাওয়ার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সকলকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগাম প্রস্তুতি শুরু হয়েছে উপকূলজুড়ে।
ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর প্রভাব সেভাবে উত্তরবঙ্গে পড়বে না। যদিও পশ্চিমী ঝঞ্ঝার জন্য মালদহ এবং দুই দিনাজপুর বৃষ্টি হতে পারে। ওদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে। যদিও বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।




