নিউজ ডেস্ক: স্মার্ট সিটি নিউ টাউনের নাগরিক পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। কোথাও বেহাল রাস্তা, কোথাও আবার জমে থাকা জঞ্জাল। পানীয় জল থেকে শুরু করে নিকাশি, পথবাতি দৈনন্দিন পরিষেবার একাধিক সমস্যা নিয়ে ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের মধ্যে। এবার সেই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করে নাগরিক পরিষেবা দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দিলেন তিনি।
বুধবার বিকেলে নিউ টাউনের এনকেডিএ ভবনে পৌঁছন পুরমন্ত্রী। সেখানে সংস্থার বিভিন্ন বিভাগের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তিনি। শহরের পরিকাঠামোগত উন্নয়ন, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং নাগরিক পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। প্রশাসনিক সূত্রে খবর, নিউ টাউনের বিভিন্ন এলাকায় রাস্তার বেহাল দশা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা জঞ্জাল নিয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছিলেন মন্ত্রী। সেই সমস্যাগুলি ফেলে না রেখে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন তিনি।
শুধু রাস্তা বা জঞ্জাল নয়, পানীয় জল সরবরাহ, পথবাতি এবং নিকাশি ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির কাজও যাতে সময়মতো শেষ হয়, সে বিষয়েও গুরুত্ব দেন অগ্নিমিত্রা। নাগরিকদের দৈনন্দিন সমস্যার দ্রুত নিষ্পত্তি করাই যে প্রশাসনের অন্যতম অগ্রাধিকার, বৈঠকে সেই বার্তাই দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে এনকেডিএ-র প্রশাসনিক কাজকর্ম নিয়েও নানা প্রশ্ন উঠেছে। সংস্থার চেয়ারপার্সন পদে শোভন চট্টোপাধ্যায় থাকলেও দীর্ঘদিন তাঁকে দপ্তরে দেখা যায়নি বলে অভিযোগ বাসিন্দাদের একাংশের। তাঁদের দাবি, এর জেরে প্রশাসনিক কাজে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে বিধাননগরের পুর কমিশনার রবি আগরওয়ালকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে এনকেডিএ-র প্রশাসনিক সিইও করা হয়। তবে তাতেও নাগরিক পরিষেবা নিয়ে অসন্তোষ পুরোপুরি দূর হয়নি বলে অভিযোগ।
এ দিন বৈঠকের পাশাপাশি এনকেডিএ-র সিসিটিভি কন্ট্রোল রুমও পরিদর্শন করেন পুরমন্ত্রী। সংস্থার পরিচালনায় থাকা পোষ্যদের জন্য নির্দিষ্ট ‘পেট ডগ ক্রেশ অ্যান্ড ক্লিনিক’ ঘুরে দেখেন তিনি। সেখানে পোষ্যদের পরিচর্যা, চিকিৎসা এবং নিরাপত্তার ব্যবস্থাও খতিয়ে দেখেন।
অন্যদিকে, সল্টলেকের সেক্টর ফাইভের পরিষেবা নিয়েও তৎপরতা দেখিয়েছেন অগ্নিমিত্রা। ওই এলাকার নাগরিক ও শিল্প পরিষেবার দায়িত্বে থাকা নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটির আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
দুই গুরুত্বপূর্ণ সংস্থার কাজ পর্যালোচনা করে নাগরিক পরিষেবায় গতি আনাই ছিল মন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য। এখন দেখার, বৈঠকের পর বাস্তবে কত দ্রুত বদলায় নিউ টাউন ও সেক্টর ফাইভের পরিষেবার ছবি। বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের কতটা সুরাহা হয়, সেদিকেই নজর থাকবে।




