নিউজ ডেস্ক: পুষ্কর মেলা মানেই উট, ঘোড়া আর নানা ধরনের পশুর কেনাবেচা। তবে এবছর মেলায় ঘোড়াদের দাম ও বিলাসিতা নিয়ে বেশ চর্চা চলছে। কোনও ঘোড়ার দাম কোটি কোটি টাকা, কারও খাবারের তালিকায় কাজু-আমন্ড, আবার কাউকে নিয়ে আসা হচ্ছে ঢাকঢোল বাজিয়ে, টাকা উড়িয়ে। সব মিলিয়ে পুষ্কর মেলা যেন কোটিপতি ঘোড়াদের র্যাম্প শো!

এবছর সবচেয়ে বেশি নজর কেড়েছে গুজরাটের মারওয়ারি ঘোড়া 'গোল্ডেন কিং'। তার দাম নাকি ২১ কোটি টাকা! মহারাষ্ট্রের 'অ্যালেক্স' এবং 'আরডিএক্স'-এর দামও প্রায় ৫ কোটি টাকা করে বলে দাবি করা হচ্ছে। ঘোড়াগুলির দাম ছাড়াও তাদের খাবার ও যত্নের বিষয়টিও বেশ চমকপ্রদ।

'দেবনুর' নামে একটি ঘোড়াকে নিয়ে শোনা যাচ্ছে, সে নাকি শুধুমাত্র বিসলেরি জল পান করে। খাবারে থাকে কাজুবাদাম ও আমন্ড। অন্যদিকে, 'বাদল'-এর মেলায় প্রবেশ ছিল একেবারে রাজকীয়। ১০০ জন দেহরক্ষী, ঢোল-নগাড়া, টাকা ওড়ানো এবং প্রায় এক কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা। বাদলের আগমন দেখে মনে হচ্ছিল, কোনও বড় তারকার অনুষ্ঠান চলছে!

কেকরির জেঠওয়াল স্টাডের 'বাদল', 'নিউ বাদল' ও 'বিশ্বাস'—এই তিন ঘোড়ার দাম মিলিয়ে ৫ কোটি টাকারও বেশি বলে দাবি করা হচ্ছে।

তবে এই কোটি কোটি টাকার দাবির সঙ্গে গত বছরের পুষ্কর মেলার হিসেব কিছুটা আলাদা। গত বছর মেলায় মোট ২২৪টি ঘোড়া বিক্রি হয়েছিল ৭৫ লক্ষ টাকায়। সবচেয়ে দামি ঘোড়াটির বিক্রির দাম ছিল ৪ লক্ষ ৬০ হাজার টাকা।

তাহলে এবছর ঘোড়াদের দাম নিয়ে এত কোটি টাকার আলোচনা কেন? এই দাম কি সত্যিই ঘোড়াগুলির বাজারমূল্য, নাকি মালিকদের দাবি ও প্রচারের অংশ? পুষ্কর মেলায় ঘোড়াদের ঘিরে এই বিলাসিতা এবং কোটি টাকার গল্প এখন সবার নজর কাড়ছে।




