নিউজ ডেস্ক: অবসর নেওয়ার পর ফের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরলেন আইপিএস আধিকারিক অজয় কুমার। তাঁকে এক বছরের জন্য পুনর্নিয়োগ করল রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেলের তরফে ১৮ নভেম্বর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটে এক্স-ক্যাডার পদে ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (OSD) হিসেবে নিয়োগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অজয় কুমারকে। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) পদমর্যাদায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের দিন থেকে এক বছরের জন্য কার্যকর থাকবে এই নিয়োগ। সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, পুনর্নিয়োগের ক্ষেত্রে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা পাবেন অজয় কুমার। তাঁর নিয়োগ সংক্রান্ত যাবতীয় খরচ রাজ্য বাজেটের নির্দিষ্ট খাত থেকে বহন করা হবে। অবসরপ্রাপ্ত এই পুলিশ আধিকারিককে ফের প্রশাসনিক দায়িত্বে ফেরানোর সিদ্ধান্ত ঘিরে পুলিশ মহলে চর্চা শুরু হয়েছে।
১৯৮৫ সালের কেরালা ক্যাডারের আইএএস ছিলেন অজয় কুমার। তাঁর দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে ভারতের কেন্দ্র সরকার এবং কেরালার রাজ্য সরকারের বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন অজয় কুমার। ২০১৯ সালের ২৩ অগাস্ট থেকে ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিরক্ষা সচিব হিসেবে কর্মরত ছিলেন তিনি। তাঁর কর্মজীবনে প্রতিরক্ষা খাতে বহু গুরুত্বপূর্ণ বদল এসেছে। বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপরিচিত হয়ে আছেন তিনি।




