নয়াদিল্লি: গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বা পিইউসি (PUC) পুনর্নবীকরণ নিয়ে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে বিএস-৬ (BS-VI) মানের ছ’বছর পর্যন্ত পুরনো ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে পিইউসি শংসাপত্রের মেয়াদ এক ধাক্কায় বেড়ে হচ্ছে ৩ বছর। অর্থাৎ, এই ধরনের গাড়ির মালিকদের আর প্রতি বছর পিইউসি করানোর ঝক্কি পোহাতে হবে না। তবে গাড়ির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শংসাপত্র পুনর্নবীকরণের সময়সীমাও কমবে। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে আবার পৃথক নিয়ম চালু করা হয়েছে।
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক ১৩ নভেম্বর ‘সেন্ট্রাল মোটর ভেহিকলস (সিক্সটিন্থ অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬’ বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি গেজেটে প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। গাড়ির দূষণ নির্গমনের মান, বয়স এবং সেটি ব্যক্তিগত না বাণিজ্যিক—এই তিনটি বিষয় বিবেচনা করেই পিইউসি শংসাপত্রের বৈধতার মেয়াদ নির্ধারণ করা হয়েছে।
বিএস-৬ ব্যক্তিগত গাড়িতে বয়স অনুযায়ী মেয়াদ
নতুন নিয়মে বিএস-৬ মানের ব্যক্তিগত বা অ-বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে তিন ধরনের সময়সীমা রাখা হয়েছে। প্রথম রেজিস্ট্রেশনের তারিখ থেকে ৬ বছর পর্যন্ত পুরনো গাড়ির পিইউসি বৈধ থাকবে ৩ বছর। ৬ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি বছর শংসাপত্র পুনর্নবীকরণ করতে হবে।
১০ বছরের বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি ৬ মাস অন্তর পিইউসি করানো বাধ্যতামূলক। অর্থাৎ, তুলনামূলক নতুন ও উন্নত নির্গমন প্রযুক্তির গাড়ির মালিকেরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। অন্য দিকে, গাড়ির বয়স ১০ বছর পেরোলেই ফের আগের মতো ঘন ঘন পিইউসি পরীক্ষা করাতে হবে।
বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে কী নিয়ম?
বিএস-৬ মানের বাণিজ্যিক বা পরিবহণের কাজে ব্যবহৃত গাড়ির জন্যও পিইউসি শংসাপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে ব্যক্তিগত গাড়ির তুলনায় সময়সীমা কিছুটা আলাদা। ৬ বছর পর্যন্ত পুরনো বাণিজ্যিক গাড়ির পিইউসি বৈধ থাকবে ২ বছর। ৬ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত পুরনো গাড়ির ক্ষেত্রে বৈধতা ১ বছর।
১০ বছরের বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে প্রতি ৬ মাস অন্তর শংসাপত্র পুনর্নবীকরণ করতে হবে। ফলে নতুন বিএস-৬ বাণিজ্যিক গাড়ির মালিকেরাও কিছুটা স্বস্তি পাবেন। তবে পুরনো বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে আগের মতোই নিয়মিত দূষণ পরীক্ষা করানোর বাধ্যবাধকতা থাকছে।
বিএস-১ থেকে বিএস-৪ গাড়িতে ছাড় নেই
পুরনো নির্গমন মানের গাড়ির ক্ষেত্রে পিইউসি শংসাপত্রের মেয়াদ বাড়ানো হয়নি। বিএস-১, বিএস-২ এবং বিএস-৩ মানের গাড়ির ক্ষেত্রে শংসাপত্রের বৈধতা থাকবে মাত্র ৩ মাস। বিএস-৪ মানের গাড়ির ক্ষেত্রে সেই মেয়াদ ৬ মাস। অর্থাৎ, পুরনো প্রযুক্তির গাড়ির মালিকদের তুলনামূলক কম সময়ের ব্যবধানে দূষণ পরীক্ষা করাতে হবে। এক দিকে নতুন বিএস-৬ গাড়ির ক্ষেত্রে দীর্ঘ মেয়াদ দেওয়া হয়েছে, অন্য দিকে পুরনো গাড়ির ক্ষেত্রে নজরদারি বজায় রাখতেই এই ব্যবস্থা।
মেয়াদ শেষ হওয়ার আগে পুনর্নবীকরণ করলে কী হবে?
নতুন নিয়মে পিইউসি পুনর্নবীকরণের সময়সীমা নিয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কোনও গাড়ির মালিক যদি বর্তমান শংসাপত্রের মেয়াদ শেষ হওয়ার আগের শেষ ১০ দিনের মধ্যে নতুন শংসাপত্র করান, তা হলে নতুন শংসাপত্রের বৈধতা শুরু হবে পুরনো শংসাপত্রের মেয়াদ শেষ হওয়ার দিন থেকে।
অন্য দিকে, শংসাপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে পুনর্নবীকরণ করালে নতুন শংসাপত্রের বৈধতা শুরু হবে পুনর্নবীকরণের দিন থেকেই। ফলে মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে পিইউসি করালে মাঝের সময়টুকুর জন্য কোনও অতিরিক্ত বৈধতা পাওয়া যাবে না।
পুরনো শংসাপত্রের ক্ষেত্রে কী হবে?
নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যে সব গাড়ির পিইউসি শংসাপত্র তৈরি হয়েছে, সেগুলির মেয়াদ আপনা থেকেই বদলে যাবে না। নতুন নিয়ম অনুযায়ী সংশোধিত বৈধতার সময়সীমা কার্যকর হবে সংশোধনী চালুর পরে সংশ্লিষ্ট শংসাপত্র প্রথম বার পুনর্নবীকরণ করার সময়। অর্থাৎ, কোনও গাড়ির বর্তমান পিইউসি-র মেয়াদ যদি আগে থেকেই নির্দিষ্ট করা থাকে, তা হলে নতুন নিয়মের অজুহাতে সেই মেয়াদ উপেক্ষা করা যাবে না। পুনর্নবীকরণের সময় থেকেই নতুন সময়সীমা কার্যকর হবে।
সব মিলিয়ে, নতুন নিয়মে তুলনামূলক কম দূষণকারী বিএস-৬ গাড়ির মালিকদের প্রশাসনিক ঝক্কি কমানোর চেষ্টা করেছে কেন্দ্র। তবে গাড়ির বয়স বাড়লে পিইউসি পরীক্ষার ব্যবধানও কমবে। ফলে নতুন নিয়মে স্বস্তি মিললেও দূষণ নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা থেকে কোনও গাড়িই মুক্তি পাচ্ছে না।




