নিউজ ডেস্ক: বুধবার রাতের তাণ্ডবের পর এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল স্বাস্থ্য দফতর। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাপক ভাঙচুর এবং অধ্যাপকদের শারীরিক হেনস্থার ঘটনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। বুধবার রাতে একদল বহিরাগত যুবকের তাণ্ডবে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর।
অভিযোগ, বাঁশ, লাঠি এবং বেল্ট হাতে ক্যাম্পাসে চড়াও হয় হামলাকারীরা। চলে মুহুর্মুহু ইটবৃষ্টি। ইটের আঘাতে পরপর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় হাসপাতালের একাধিক জানলার কাচ। এমনকী কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢোকারও চেষ্টা চালানো হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে এই তাণ্ডব চললেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গোটা ঘটনায় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
ঘটনার তীব্র নিন্দা করে এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। তাঁর অভিযোগ, "কিছু মানসিক মাওবাদী এবং নকশালপন্থী এই তাণ্ডব চালিয়েছে। মেডিক্যাল কলেজ ডেমোক্র্যাটিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ১০-১৫ জন সদস্য এর সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের কাছে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অকথ্য গালিগালাজের পাশাপাশি দুই অধ্যাপককে শারীরিক আঘাতও করা হয়েছে। চিকিৎসক সমাজের সম্মানহানির কথা ভেবেই সেই ফুটেজ এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না।" দোষী প্রমাণিত হলে অভিযুক্ত পড়ুয়াদের সাসপেন্ড করার কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাশাপাশি, হামলায় যুক্ত বহিরাগতদেরও চিহ্নিত করা হচ্ছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। তাণ্ডব চলাকালীন ক্যাম্পাস চত্বরে উপস্থিত এবিভিপি-র রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী ভাঙচুরের দায় অস্বীকার করেছেন। তাঁর দাবি, “যারা নৈরাজ্য চালিয়েছে, তারা কেউ এবিভিপি-র সদস্য নয়। আমরা কোথাও নৈরাজ্য চাই না। তবে আমাদের স্থানীয় ইউনিট সেক্রেটারি একটি কাজে সেখানে গেলে তাঁকে মারধর করা হয়, যা এবিভিপি কোনোভাবেই বরদাস্ত করবে না।”
অন্যদিকে, হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এই গুন্ডামি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গোটা বিষয়টির ওপর নজর রাখা হচ্ছে এবং সুপার ও এমএসভিপি-র সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। কমিউনিস্টদের নৈরাজ্য বরদাস্ত করা হবে না বলেও তিনি কড়া বার্তা দেন।
পাল্টা আক্রমণ শানিয়ে মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কটাক্ষ করে বলেন, প্রকাশ্যে হামলার সমস্ত ভিডিও থাকা সত্ত্বেও এবং হাসপাতালে চিকিৎসা চলাকালীন এমন তাণ্ডবের পরও পুলিশ কেন এখনও অভিযুক্তদের গ্রেফতার না করে ছেড়ে রেখেছে, তা নিয়ে মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে।




