নিউজ ডেস্ক: বাংলাদেশে অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে অশান্তির ঘটনা অব্যাহত। গত ১২ দিনে দেশের বিভিন্ন জায়গায় ৭৪টি পরিবহনে আগুন দেওয়া হয়েছে। ৭৮টি জায়গায় ঘটেছে ককটেল বিস্ফোরণ। বৃহস্পতিবার পুলিশ সূত্রে পাওয়া হিসাব অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এই ঘটনাগুলি ঘটেছে। এ সংক্রান্ত ৩৮টি মামলায় এখনও পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশের ১৬টি জেলায় নতুন করে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটেছে। তালিকায় রয়েছে গোপালগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও সিলেট।
সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা গোপালগঞ্জে। সেখানে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ি, তাঁর আত্মীয় ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মুকসুদপুর থানাতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। থানার ভিতরে থাকা পুলিশের গাড়ি-সহ মোট ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে খবর।
এ ছাড়া বিভিন্ন জেলায় বাস, ট্রাক, ট্রেন, সরকারি দফতর, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কোথাও পেট্রলবোমা ছোড়া হয়েছে, কোথাও ককটেল বিস্ফোরণ ঘটেছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন লাগলেও যাত্রীরা নিরাপদে বেরিয়ে আসায় হতাহতের খবর নেই। ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেওয়া হয়েছে।
অন্য দিকে, কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কাঠের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৩০০টি লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ। দোকানের মালিককে আটক করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় দেশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং মহাসড়কগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




