নয়াদিল্লি: নয়াদিল্লিতে আয়োজিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র প্রথম সভ্যতা সংলাপ মঞ্চে যোগ দিতে চলতি সপ্তাহেই ভারতে আসছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী ডঃ মুসাদিক মালিক। ২০ থেকে ২২ নভেম্বর এই বৈঠক হবে। বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।
পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মালিক। ভারতের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রীর আমন্ত্রণে তিনি এই বৈঠকে যোগ দিচ্ছেন বলে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, সভ্যতাগুলির মধ্যে সংলাপের গুরুত্ব এবং এই কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের অবদান সম্পর্কে নিজের দেশের অবস্থান তুলে ধরবেন মালিক।
পাশাপাশি এসসিও-তে পাকিস্তানের ভূমিকা এবং দেশটির বৈচিত্রপূর্ণ সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও তাঁর বক্তব্যে উঠে আসবে। বিদেশ মন্ত্রকের দাবি, এই মঞ্চে পাকিস্তানের অংশগ্রহণ এসসিও-র সক্রিয় সদস্য হিসাবে সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর প্রতি দেশটির অঙ্গীকারেরই প্রতিফলন।
পাকিস্তানের প্রতিনিধিদল মঞ্চের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনাতেও অংশ নেবে। পাশাপাশি বৈঠকের ফাঁকে এসসিও-র অন্য সদস্য দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে তারা।
উল্লেখ্য, ২০২৬-২৭ মেয়াদের জন্য এসসিও-র রাষ্ট্রপ্রধানদের পরিষদের (সিএইচএস) সভাপতিত্ব করছে পাকিস্তান। সেই দায়িত্ব পালনের অংশ হিসাবে আগামী বছরের শীর্ষ সম্মেলনের আগে একাধিক মন্ত্রী পর্যায়ের বৈঠক, বিশেষজ্ঞ গোষ্ঠীর আলোচনা এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করবে ইসলামাবাদ।




