নিউজ ডেস্ক: দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেল বহুল চর্চিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’। আর গেমিং জগতের এই মেগা ইভেন্টকেই দেশের বিগত এক দশকেরও বেশি সময়ের অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নের খতিয়ান তুলে ধরার মাধ্যম হিসেবে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রীর এই অভিনব প্রচার কৌশলকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে জনপ্রিয় এই ভিডিও গেমটির আদলে তৈরি বেশ কিছু রঙিন গ্রাফিক্স শেয়ার করেন প্রধানমন্ত্রী। ক্যাপশনে তিনি লেখেন, "ভারত এখন সম্পূর্ণ এক নতুন খেলা খেলছে!" ২০১৩ সালে ‘জিটিএ ৫’ মুক্তির সময় থেকে ২০২৬ সালে ‘জিটিএ ৬’ মুক্তি পাওয়া পর্যন্ত—এই ১৩ বছরে ভারতের অগ্রগতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে পোস্টটিতে।
https://x.com/narendramodi/status/2123280014741549415?a=iaM3ndWpbIZX58kXCd8&s=20
প্রধানমন্ত্রীর শেয়ার করা গ্রাফিক্সগুলিতে মূলত পাঁচটি ক্ষেত্রের রূপান্তরের কথা উল্লেখ করা হয়েছে। অর্থনীতির নিরিখে দেখানো হয়েছে, ২০১৩ সালে ভারত যেখানে বিশ্বের 'ভঙ্গুর পাঁচ' অর্থনীতির তালিকায় ছিল, বর্তমানে তা বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। জীবনযাত্রার মানোন্নয়নের প্রমাণ হিসেবে চরম দারিদ্র্যের হার ২৭ শতাংশ থেকে কমে ২.৬ শতাংশে নেমে আসার তথ্য তুলে ধরা হয়েছে, যেখানে কুঁড়েঘরের বদলে আধুনিক পাকা বাড়ির ছবি ব্যবহার করা হয়েছে।
পাশাপাশি, স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যের খতিয়ান দিয়ে জানানো হয়েছে যে, দেশে শৌচাগার ও পরিচ্ছন্নতার হার ৩৯ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশে পৌঁছেছে। পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২.৮২ গিগাওয়াট থেকে একলাফে ১৭৫ গিগাওয়াটে পৌঁছানোর বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া মহাকাশ গবেষণায় বেসরকারি উদ্যোগের প্রসারের ফলে দেশে স্পেস স্টার্টআপের সংখ্যা ১ থেকে বেড়ে ৪৪০ হওয়ার তথ্যও স্থান পেয়েছে ওই পোস্টে।
তবে প্রধানমন্ত্রীর এই সোশ্যাল মিডিয়া পোস্টকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, তরুণ প্রজন্মের মন জয় করতে মরিয়া হয়ে প্রধানমন্ত্রী জিটিএ গেমের গ্রাফিক্স ব্যবহার করছেন। গেমটির মূল বিষয়বস্তুর প্রসঙ্গ টেনে রমেশ কটাক্ষ করে লেখেন, “মনে রাখা দরকার যে এই ভিডিও গেমটি মূলত এক অপরাধী জুটির গল্প নিয়ে তৈরি। বিষয়টি সত্যিই খুব মানানসই হয়েছে!”
উল্লেখ্য, রকস্টার গেমস নির্মিত এই অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেমটি বৃহস্পতিবার প্লে-স্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস-এ মুক্তি পেয়েছে। ২০১৩ সালের সেপ্টেম্বরের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ভাইস সিটির প্রেক্ষাপটে জেসন ও লুসিয়া নামে দুই চরিত্রের গল্প নিয়ে ফিরেছে এই গেম। আর বিনোদন জগতের সেই উন্মাদনাকেই রাজনৈতিক ও উন্নয়নমূলক প্রচারের মঞ্চে নিয়ে এলেন প্রধানমন্ত্রী।




