স্পোর্টস ডেস্ক: ব্যাডমিন্টনের কোর্টে একসময় বিশ্বের এক নম্বর ছিলেন তিনি। এবার কি ভারতীয় ক্রীড়া প্রশাসনের সর্বোচ্চ পদে দেখা যাবে সাইনা নেহওয়ালকে? ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পদে নির্বাচনে লড়ার বিষয়ে নিজের আগ্রহের কথা স্পষ্ট জানিয়ে দিলেন অলিম্পিক পদকজয়ী এই প্রাক্তন শাটলার। আগামী ৫ ডিসেম্বর আইওএ-র এক্সিকিউটিভ কাউন্সিলের নির্বাচন। তার আগেই সাইনার এই মন্তব্য ঘিরে ক্রীড়ামহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট নির্বাচনে চারটি মহিলা আসনের একটিতে জয় পেয়েছেন ৩৬ বছর বয়সি সাইনা। তাঁর সঙ্গে নির্বাচিত হয়েছেন প্রাক্তন লংজাম্পার অঞ্জু ববি জর্জ, প্রাক্তন হকি অধিনায়ক রানি রামপাল এবং প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায়। এই ফলাফলের পরেই আইওএ-র সভাপতি হওয়ার দৌড়ে নামার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।
এক সাক্ষাৎকারে সাইনা বলেন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এলে তিনি অবশ্যই প্রস্তুত। তাঁর কথায়, এটি সম্পূর্ণ নতুন ধরনের দায়িত্ব হবে। এই ভূমিকা থেকে অনেক কিছু শেখার পাশাপাশি দেশের খেলাধুলোর উন্নয়নে আরও বেশি করে কাজ করার সুযোগ পাবেন বলে মনে করেন তিনি।
বর্তমানে আইওএ-র অন্দরে নেতৃত্ব নিয়ে যথেষ্ট টানাপড়েন চলছে। ৯ নভেম্বরের এসওএম নির্বাচনে বর্তমান সভাপতি পিটি ঊষা পঞ্চম স্থানে থাকায় মহিলা আসনে জায়গা পাননি। এই নির্বাচন ঘিরে কারচুপির অভিযোগ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ জমা পড়ার বিষয়টিও সামনে এসেছে। যদিও পরবর্তী সময়ে আইস হকি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার মনোনয়নের মাধ্যমে সভাপতি পদে লড়ার সুযোগ পেয়েছেন পিটি ঊষা।
এই পরিস্থিতিতে আইওএ-র নির্বাচন নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সাইনা। তাঁর বক্তব্য, প্রথমে তিনি ভেবেছিলেন অলিম্পিক পর্যন্ত পিটি ঊষাই দায়িত্বে থাকবেন। কিন্তু সংস্থার অন্দরে এত বিতর্ক তৈরি হওয়ায় তিনি অবাক হয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবাধ, নিরপেক্ষ এবং বহিরাগত হস্তক্ষেপমুক্ত নির্বাচন নিশ্চিত করার পরামর্শ দিয়েছে।
তবে ক্রীড়া প্রশাসনের রাজনীতি নিয়ে কিছুটা সংশয় রয়েছে সাইনার। তাঁর মতে, খেলাধুলোর উন্নয়নে প্রশাসনিক জটিলতা ও ক্ষমতার লড়াইয়ের পরিবর্তে খেলোয়াড়দের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া উচিত।
আইওএ-র দায়িত্ব পেলে দেশের ক্রীড়া পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে চান সাইনা। তাঁর প্রধান লক্ষ্য স্কুলস্তর থেকেই প্রতিভা খুঁজে বের করা এবং প্রশিক্ষণের জন্য উন্নত অ্যাকাডেমির সঙ্গে তাদের যুক্ত করা। তিনি চান, বড় মাপের কোচ, ফিজিও এবং ট্রেনাররা স্কুলে গিয়ে প্রতিভাবান পড়ুয়াদের চিহ্নিত করুন।
পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে খেলাধুলোর সমান প্রসার ঘটানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি। তাঁর প্রশ্ন, ব্যাডমিন্টন কেন শুধু হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে জনপ্রিয় হবে, মুম্বই ও দিল্লিতেও কেন একই পরিকাঠামো গড়ে উঠবে না? একইভাবে হরিয়ানার বাইরে কুস্তির প্রসার ঘটানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন এবং ২০৩৬ সালের অলিম্পিকের জন্য ভারতের প্রস্তুতির প্রসঙ্গ তুলে সাইনা জানিয়েছেন, আন্তর্জাতিক মঞ্চে পাঁচ-ছ'টি পদক জিতেই সন্তুষ্ট থাকলে চলবে না। দেশের ক্রীড়াক্ষেত্রে নতুন ব্যবস্থা গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এখন দেখার, ৫ ডিসেম্বরের নির্বাচনে সত্যিই সভাপতি পদে লড়াইয়ের ময়দানে নামেন কি না এই তারকা শাটলার।




