স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে ব্যাট হাতে একের পর এক নজির গড়ছে সে। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক। তার পর আন্তর্জাতিক ক্রিকেটেও একের পর এক রেকর্ড। এ বার আরও এক সম্মান জুটল বৈভব সূর্যবংশীর মুকুটে। টাইমের প্রকাশিত ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা করে নিল ভারতের এই বিস্ময় বালক।
দেশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, এমন ১০০ জন উদীয়মান ব্যক্তিত্বকে নিয়ে তৈরি হয়েছে এই তালিকা। বৈভবের এই সাফল্যে মুগ্ধ বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর কথায়, বৈভব শুধু একজন প্রতিভাবান ক্রিকেটার নয়, বদলে যাওয়া ভারতের প্রতীক।
বৈভবকে নিয়ে একটি বিশেষ লেখায় আয়ুষ্মান লিখেছেন, ‘মাঠে যখন ব্যাট হাতে বৈভব সূর্যবংশীকে দেখা যায়, তখন মনে হয় ভবিষ্যৎ তাঁদেরই, যাঁরা অন্য ভাবে ভাবতে পারেন। ও এক জন বিস্ময়কর প্রতিভা। তবে আমার মনে হয়, ওর গুরুত্ব শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়।’ বৈভবের উত্থানের প্রসঙ্গ টেনে আয়ুষ্মান আরও লিখেছেন, ‘মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছিল বৈভব। তার ঠিক এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে ২০২৬ সালে ভারতের হয়ে একের পর এক রেকর্ড গড়েছে। ওর এই অবিশ্বাস্য উত্থান প্রমাণ করে, প্রতিভা যে কোনও জায়গা থেকেই উঠে আসতে পারে।’
আয়ুষ্মানের মতে, বৈভবের সাফল্য শুধু রান বা রেকর্ড দিয়ে বিচার করা যায় না। তাঁর এই যাত্রা দেশের কোটি কোটি তরুণকে স্বপ্ন দেখার সাহস জোগাতে পারে। লেখার শেষে অভিনেতার মন্তব্য, ‘একশো কোটিরও বেশি মানুষের স্বপ্ন যখন অসাধারণ কিছু হয়ে ওঠার স্বাধীনতা পায়, তখন কী হতে পারে? সময়ই তার উত্তর দেবে। তবে বৈভব হয়তো ইতিমধ্যেই ব্যাট হাতে সেই উত্তর দিতে তৈরি।’
টাইমের এই প্রথম ভারতীয় সংস্করণের তালিকায় বৈভব ছাড়াও রয়েছেন হরমনপ্রীত কৌর, লভলিনা বরগোহাঁই, মীরাবাই চানু, ডি গুকেশ, সানিয়া মির্জা এবং সবিতা পুনিয়ার মতো ক্রীড়াবিদরা। বিভিন্ন ক্ষেত্রের ১০০ জন উদীয়মান ব্যক্তিত্বকে নিয়ে তৈরি এই তালিকা প্রকাশিত হবে ৭ ডিসেম্বর। ১২ ডিসেম্বর মুম্বইয়ে আয়োজন করা হবে বিশেষ অনুষ্ঠান।




