বিশেষ প্রতিবেদন: খাওয়ার পর পেটে জ্বালা, টক ঢেকুর, পেট ফাঁপা- পরিচিত সমস্যাগুলিকে অনেকেই অ্যাসিডিটি বা গ্যাসের উপসর্গ বলে ধরে নেন। কিন্তু সেই অস্বস্তি যদি দীর্ঘস্থায়ী হয়, ব্যথা ছড়িয়ে পড়ে পিঠে, কমতে থাকে ওজন, তাহলে সতর্ক হওয়া জরুরি। বিশ্ব অগ্ন্যাশয় ক্যানসার সচেতনতা দিবসে চিকিৎসকদের বার্তা, সাধারণ হজমের সমস্যা ভেবে দীর্ঘদিন উপসর্গ এড়িয়ে গেলে বিপদ বাড়তে পারে। পেট জ্বালা করছে, খাওয়ার পর অস্বস্তি হচ্ছে, টক ঢেকুর উঠছে- এমন সমস্যা হলে অধিকাংশ মানুষের প্রথমেই মনে পড়ে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের কথা। অ্যান্টাসিড খেয়ে কিংবা খাবারের তালিকায় কিছু বদল এনে সমস্যা সামলানোর চেষ্টা করেন তাঁরা।
কিন্তু সেই অস্বস্তি যদি বারবার ফিরে আসে, পেটের উপরিভাগের ব্যথা ক্রমশ বাড়তে থাকে, এমনকি পিঠেও ছড়িয়ে পড়ে, তখন বিষয়টিকে আর হালকা ভাবে নেওয়া ঠিক নয়। কারণ, কিছু ক্ষেত্রে এই ধরনের উপসর্গ অগ্ন্যাশয়ের ক্যানসারেরও ইঙ্গিত হতে পারে।
১৯ নভেম্বর বিশ্ব অগ্ন্যাশয় ক্যানসার সচেতনতা দিবস। এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই দিনটির মূল উদ্দেশ্য। চিকিৎসকদের মতে, অগ্ন্যাশয়ের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা কঠিন। কারণ, এর উপসর্গ অনেক সময় সাধারণ হজমের গোলমাল, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের মতোই মনে হয়। ফলে রোগী দীর্ঘদিন নিজে নিজে ওষুধ খেয়ে উপসর্গ চাপা দেওয়ার চেষ্টা করেন। তাতে রোগ নির্ণয়ে দেরি হতে পারে।
অ্যাসিডিটি ও গ্যাস্ট্রাইটিসে কী ধরনের উপসর্গ দেখা যায়?
অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে সাধারণত পেট কিংবা বুকের কাছে জ্বালাপোড়া অনুভূত হয়। খাবারের পর টক ঢেকুর, বমি বমি ভাব, পেট ফাঁপা এবং অস্বস্তিও হতে পারে। অতিরিক্ত ঝাল, তেল-মশলাযুক্ত খাবার, চা-কফি কিংবা খাওয়ার পরপরই শুয়ে পড়লে সমস্যা বাড়তে পারে। অনেক সময় খাবারের অভ্যাসে পরিবর্তন আনলে বা অ্যান্টাসিড খেলে উপসর্গ কমেও যায়। এই পরিচিত লক্ষণগুলির কারণেই অনেকে বারবার পেটের সমস্যাকে সাধারণ অ্যাসিডিটি বলে ধরে নেন। কিন্তু চিকিৎসকদের বক্তব্য, অস্বস্তির ধরন, স্থায়িত্ব এবং তার সঙ্গে অন্য উপসর্গ যুক্ত হচ্ছে কি না, সেদিকে নজর রাখা প্রয়োজন।
অগ্ন্যাশয়ের ক্যানসারে ব্যথার ধরন কেমন?
অগ্ন্যাশয়ের ক্যানসারের ক্ষেত্রে পেটের উপরিভাগে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে। সেই ব্যথা অনেক সময় পিঠের দিকেও ছড়িয়ে পড়ে। সাধারণ অ্যাসিডিটির মতো অ্যান্টাসিড খেলে তা সহজে কমে না। খাওয়ার পর কিংবা শুয়ে পড়লে অস্বস্তি বেড়ে যেতে পারে। এর সঙ্গে অকারণে ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া, বমি বমি ভাব এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে। বিশেষ করে একাধিক উপসর্গ একসঙ্গে দেখা দিলে কিংবা সময়ের সঙ্গে সেগুলি বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অ্যান্ড্রোমেডা ক্যানসার হাসপাতালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান চিকিৎসক অরুণ কুমার গোয়েলের বক্তব্য, সাধারণ হজমের সমস্যার সঙ্গে অগ্ন্যাশয়ের ক্যানসারের উপসর্গের মিল থাকায় প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করা কঠিন হতে পারে। অনেকেই দীর্ঘদিন পেটের সমস্যাকে অ্যাসিডিটি ভেবে ওষুধ খেতে থাকেন। অথচ উপসর্গের স্থায়িত্ব এবং তার প্রকৃতিতে কিছু পার্থক্য থাকতে পারে।
চোখ-ত্বক হলুদ হলে সতর্ক হোন
অগ্ন্যাশয়ের ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হল জন্ডিস। ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রং গাঢ় হওয়া, মলের রং ফ্যাকাশে হয়ে যাওয়া এবং শরীরে চুলকানি—এই লক্ষণগুলি দেখা দিতে পারে। অগ্ন্যাশয়ের টিউমার পিত্তনালিতে বাধা তৈরি করলে পিত্তের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। তার জেরেই জন্ডিসের উপসর্গ দেখা দিতে পারে।
এ ছাড়া, বিশেষত বেশি বয়সে কোনও স্পষ্ট কারণ ছাড়াই নতুন করে ডায়াবেটিস দেখা দেওয়াও নজরে রাখা প্রয়োজন। তবে ডায়াবেটিস হলেই অগ্ন্যাশয়ের ক্যানসার হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর কারণ নেই। এটি একটি সাধারণ রোগও হতে পারে। চিকিৎসকেরা উপসর্গ ও অন্যান্য পরীক্ষার ফল মিলিয়ে বিষয়টি বিচার করেন।
উপসর্গের স্থায়িত্বই বড় পার্থক্য
চিকিৎসকদের মতে, অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিসের উপসর্গ অনেক সময় নির্দিষ্ট খাবার খাওয়ার পর বাড়ে, আবার কিছুক্ষণ পরে কমেও যায়। কিন্তু অগ্ন্যাশয়ের ক্যানসারের ক্ষেত্রে পেটের অস্বস্তি বা ব্যথা ক্রমশ স্থায়ী ও তীব্র হতে পারে। বিশেষ করে ব্যথার সঙ্গে অকারণে ওজন কমা, খিদে চলে যাওয়া কিংবা পিঠে ব্যথার মতো উপসর্গ যুক্ত হলে সতর্ক হওয়া প্রয়োজন। তবে মনে রাখতে হবে, অগ্ন্যাশয়ের ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় স্পষ্ট কোনও উপসর্গই থাকে না। ফলে কেবল লক্ষণ দেখে এই রোগ নিশ্চিত করা সম্ভব নয়। একই ধরনের উপসর্গ অন্য অনেক সাধারণ রোগেও দেখা যায়।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
দীর্ঘদিন ধরে পেট বা পিঠে ব্যথা থাকলে, অকারণে ওজন কমতে থাকলে, খিদে চলে গেলে কিংবা জন্ডিসের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বারবার অ্যাসিডিটির ওষুধ খেয়েও সমস্যা না কমলে নিজের মতো ওষুধ চালিয়ে না গিয়ে চিকিৎসকের কাছে যাওয়াই নিরাপদ। রোগীর উপসর্গ ও শারীরিক অবস্থা বিচার করে চিকিৎসক রক্ত পরীক্ষা এবং আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানের মতো পরীক্ষা করাতে পারেন। প্রয়োজন অনুযায়ী পরবর্তী পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ব অগ্ন্যাশয় ক্যানসার সচেতনতা দিবসের মূল বার্তা আতঙ্ক ছড়ানো নয়, বরং শরীরের পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা। পেটের অস্বস্তি মানেই ক্যানসার নয়। কিন্তু পরিচিত উপসর্গ যদি দীর্ঘস্থায়ী হয়, ক্রমশ বাড়ে কিংবা তার সঙ্গে নতুন কোনও সমস্যা যুক্ত হয়, তবে তাকে শুধুই গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয়। সময়মতো চিকিৎসকের পরামর্শই রোগ নির্ণয়ের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




