নিউজ ডেস্ক: আগামী দশকেই বদলে যেতে পারে বিশ্বের ধর্মীয় জনসংখ্যাতত্ত্বের মানচিত্র। মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক প্রক্ষেপণ বলছে, ২০৩৫ সালের মধ্যে জনসংখ্যার বিচারে খ্রিস্টধর্মকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম।
পিউ গবেষণা তথ্য অনুযায়ী দেখা যায়, এই পরিবর্তনের নেপথ্যে ধর্মান্তরের চেয়ে জন্মহারের তারতম্যই সবচেয়ে বড় ভূমিকা রাখছে। পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনসংখ্যাতত্ত্ববিদ কনরাড হ্যাকেটের কথায়, মূল বিষয়টা আসলে নবজাতকের সংখ্যা।
২০২০ থেকে ২০২৫ সালের তথ্য অনুযায়ী, মুসলিম নারীদের গড় প্রজনন হার ৩.১, যেখানে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এই হার ২.৫। অন্যান্য ধর্মের নারীদের গড় প্রজনন হার মাত্র ১.৬, যা একটি প্রজন্মের টিকে থাকার জন্য প্রয়োজনীয় ২.১ হারের চেয়েও বেশ কম। ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান জনসংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলিম ছিল ২০২ কোটি। কিন্তু প্রক্ষেপণ বলছে, ২০৩৫ সালে মুসলিমদের সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৫৭ কোটিতে, আর খ্রিস্টানদের সংখ্যা হবে ২৫২ কোটি। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৭০ সাল নাগাদ বিশ্বে মুসলিমদের সংখ্যা ৩৬০ কোটি ছাড়িয়ে যাবে, যেখানে খ্রিস্টান জনসংখ্যা থাকবে ৩০০ কোটির কিছু নিচে।
আগামী দিনগুলোতে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে আফ্রিকা, বিশেষ করে সাব-সাহারা অঞ্চল। উচ্চ জন্মহার ও গড় আয়ু বাড়ার কারণে ২০৭০ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি খ্রিস্টান বাস করবেন এই অঞ্চলে। তখন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে কঙ্গো হবে বিশ্বের বৃহত্তম খ্রিস্টান অধ্যুষিত দেশ। অন্যদিকে, মুসলিম জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়াকে টপকে শীর্ষে উঠে আসবে পাকিস্তান, এর পরপরই থাকবে ভারত ও নাইজেরিয়ার অবস্থান।
পশ্চিমা দেশগুলোতেও ধর্মীয় পরিচয়ে বড় ধরনের রদবদল ঘটতে চলেছে। যুক্তরাষ্ট্রে খ্রিস্টানদের হার বর্তমানে ৬২ শতাংশ হলেও ২০৬৫ সালের মধ্যে তা ৫০ শতাংশের নিচে নেমে আসবে। কানাডায় এই পরিবর্তন ঘটবে আরও দ্রুত, ২০৩০ সালের মধ্যেই। এই দেশগুলোতে কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী নন এমন মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে।
বর্তমানে চেক প্রজাতন্ত্র, জাপান বা নেদারল্যান্ডসের মতো ১০টি দেশে ধর্মহীন মানুষেরা সংখ্যাগরিষ্ঠ হলেও ২০৭০ সালের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়াও এই তালিকায় যুক্ত হবে। ইউরোপের মোট জনসংখ্যা কমার পাশাপাশি সেখানে খ্রিস্টানদের সংখ্যা এক-তৃতীয়াংশ কমে যাবে, তবে মুসলিম জনসংখ্যা ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশে পৌঁছাতে পারে।
জনসংখ্যার এই পরিবর্তন নিয়ে নানা মহলে উদ্বেগ থাকলেও গবেষকেরা বিষয়টিকে সংঘাতের দৃষ্টিতে না দেখার পরামর্শ দিয়েছেন।
পিউ রিসার্চের ধর্মবিষয়ক গবেষণা পরিচালক অ্যালান কুপারম্যান স্পষ্ট করেছেন, খ্রিস্টানদের সংখ্যালঘুতে পরিণত করে মুসলিমরা বাড়ছে বিষয়টি এমন নয়, বরং উভয় ধর্মই নিজ নিজ সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বাড়ছে। হার্ভার্ড ডিভিনিটি স্কুলের গবেষক জিনা জুরলো মনে করেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে ভুল-বোঝাবুঝি এড়াতে ভিন্ন ধর্মের মানুষের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ ও পারস্পরিক শিক্ষা বাড়ানো জরুরি।




