নিউজ ডেস্ক: উৎসবের আলো ম্লান হয়ে গিয়েছে, ঘরের পুজোও থমকে রয়েছে। পরিবারের একমাত্র চাওয়া, তাঁদের প্রিয় মানুষটি সুস্থ শরীরে বাড়ি ফিরে আসুন। কিন্তু সেই অপেক্ষার যেন শেষ নেই। সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও বাংলাদেশের সংশোধনাগার থেকে মুক্তি মেলেনি জলপাইগুড়ির রাজগঞ্জের তসরপাড়ার বাসিন্দা দীপংকর গোপের। স্বামীর ফেরার আশায় দুই নাবালক সন্তানকে নিয়ে ফের প্রশাসনের দ্বারস্থ হলেন স্ত্রী মহামায়া গোপ।
বৃহস্পতিবার শ্বশুর মিশ্রিলাল গোপ এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে পৌঁছন মহামায়া। জেলাশাসক অদিতি চৌধুরী এবং রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারের সঙ্গে দেখা করে স্বামীকে দেশে ফিরিয়ে আনার আবেদন জানান তিনি। পরিবারের একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে অপেক্ষা করতে হবে? কবে আবার বাবার সান্নিধ্য পাবে দুই সন্তান?
ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট। সীমান্তের কাঁটাতারের ওপারে থাকা নিজের ছোট চা বাগানে কীটনাশক স্প্রে করতে গিয়েছিলেন ৩৫ বছর বয়সি দীপংকর। পরিবারের দাবি, বিএসএফের অনুমতি নিয়েই নিয়মিত বাগানে যাতায়াত করতেন তিনি। কিন্তু সেদিন কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী তাঁকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। পরে তাঁকে বিজিবির হেফাজত থেকে পঞ্চগড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি পঞ্চগড় সংশোধনাগারে বন্দি রয়েছেন বলে পরিবারের দাবি।
দীপংকরের ফেরার অপেক্ষায় কার্যত থমকে গিয়েছে পরিবারের স্বাভাবিক জীবন। এবছর বাড়িতে কালীপুজোর আয়োজনও করেননি তাঁরা। পরিবারের সিদ্ধান্ত, দীপংকর বাড়ি ফিরলেই আবার নতুন করে পুজোর আয়োজন করা হবে। দুই সন্তানের কাছে বাবার ফিরে আসাটাই এখন সবচেয়ে বড় উপহার।
এদিকে, দীপংকরকে দেশে ফেরাতে কূটনৈতিক ও প্রশাসনিক স্তরে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিএসএফের তরফে বিজিবির সঙ্গে একাধিকবার ফ্ল্যাগ মিটিং করা হয়েছে। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন। রাজগঞ্জের বিধায়কও বিষয়টি নিয়ে তদারকি চালাচ্ছেন।
বিধায়ক দীনেশ সরকারের বক্তব্য, দীপংকরকে ফিরিয়ে আনার জন্য ভারতের তরফে সমস্ত রকম প্রচেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের তরফে সবুজ সংকেত মিললেই তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। তাঁর কথায়, খুব শীঘ্রই এই বিষয়ে ইতিবাচক খবর মিলতে পারে।
তবে প্রশাসনিক আশ্বাসে সাময়িক ভরসা মিললেও উদ্বেগ কাটছে না পরিবারের। জেলাশাসকের দফতর থেকে ফেরার সময়ও চোখের জল ধরে রাখতে পারেননি মহামায়া ও মিশ্রিলাল। সীমান্তের ওপারে বন্দি একজন মানুষকে ঘিরে এপারে প্রতিদিন দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর। এখন পরিবারের একটাই প্রার্থনা, আর যেন দীর্ঘ না হয় এই বিচ্ছেদের সময়, দ্রুত নিজের ঘরে ফিরুক দীপংকর।




