স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজের জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। ভারতীয় দলের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে ধর্মীয় ইঙ্গিত করেছিলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। এবার সেই মন্তব্যের কড়া জবাব দিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের শৈশবের প্রশিক্ষক সঞ্জয় ভরদ্বাজ। তাঁর স্পষ্ট বক্তব্য, ভারতীয় ক্রিকেট দলে হিন্দু-মুসলিম বিভাজনের কোনও জায়গা নেই। সিরাজকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্তের পিছনে রয়েছে শুধুই ক্রিকেটীয় কারণ।
শুক্রবার সংবাদ সংস্থা আইএএনএসকে ভরদ্বাজ জানান, গম্ভীর কখনও কোনও ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা রাখেন না। বরং তিনি সবসময় সিরাজকে সমর্থন করেছেন। দলের প্রয়োজন, খেলোয়াড়দের পারফরম্যান্স এবং সঠিক সমন্বয়ের ভিত্তিতেই প্রথম একাদশ তৈরি করা হয়। শক্তিশালী দল গড়াই গম্ভীরের প্রধান লক্ষ্য। তাই সিরাজের বাদ পড়ার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই বলে দাবি তাঁর।
কিন্তু কেন উঠল ধর্মীয় বিভাজনের অভিযোগ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সিরাজকে প্রথম একাদশে না দেখে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর মন্তব্য ছিল, সিরাজের নামই কি তাঁর বাদ পড়ার কারণ? ভাল পারফরম্যান্স সত্ত্বেও তাঁকে খেলানো না হলে এর পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে না বলেও ইঙ্গিত করেন তিনি।
উল্লেখ্য, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি সিরাজ। তবু ওয়েলিংটনে প্রথম টেস্টের প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। পরিবর্তে অংশুল কম্বোজকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। পেস বিভাগে তাঁর সঙ্গে ছিলেন জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং আকাশ দীপ। সিরাজকে রাখা হয় রিজার্ভে।
দলের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও। তাঁর বক্তব্য, অধিনায়ক ও দল পরিচালন সমিতি ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত সমন্বয় বেছে নিয়েছে। ফলে সিরাজের বাদ পড়া নিয়ে বিতর্কের আবহে ধর্মীয় অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করলেন গম্ভীরের কোচ।




