বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস, আর এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন পাহাড়ের নেতা বিষ্ণুপ্রসাদ শর্মা। একের পর এক দলবদল ঘিরে নতুন করে চর্চায় উঠে এসেছেন কার্শিয়াংয়ের এই প্রাক্তন বিধায়ক। শুক্রবার কংগ্রেসে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবনে নতুন ইনিংস শুরু করলেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কার্শিয়াং কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিষ্ণুপ্রসাদ। তবে পৃথক গোর্খাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে দলের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়। তাঁর অভিযোগ ছিল, গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়বাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বিজেপি কার্যকর কোনও উদ্যোগ নেয়নি। এই ইস্যুতে বিধানসভার ভিতরেও একাধিকবার প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি।
দলের সঙ্গে দূরত্ব বাড়ার পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বিষ্ণুপ্রসাদ। এরপর বিধানসভা নির্বাচনের আগে গত ১৯ ফেব্রুয়ারি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। কিন্তু সেই রাজনৈতিক যাত্রাও দীর্ঘস্থায়ী হল না। এবার তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরলেন তিনি।
তাঁর এই দলবদল পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে গোর্খাল্যান্ডের দাবিকে সামনে রেখে আগামী দিনে কংগ্রেস কী ভূমিকা নেয়, এখন সেদিকেই নজর।




