দিল্লি: রাজধানীর আইনমন্ত্রী কপিল মিশ্রের দফতরের কাছে যুবককে গুলি করে খুনের ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টার নাসিম দুরানি পুলিশের এনকাউন্টারে নিহত। বৃহস্পতিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে মৃত্যু হয় তার। পুলিশের দাবি, গোপন সূত্রে নাসিমের অবস্থান সম্পর্কে খবর পাওয়ার পর তাকে ধরতে অভিযান চালানো হয়েছিল। সেই সময়ই দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। তাতেই গুলিবিদ্ধ হয় নাসিম। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কাপিল মিশ্রের দফতরের কাছে ২০ রাউন্ড গুলি
ঘটনার সূত্রপাত ১৬ নভেম্বর। উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় আইনমন্ত্রী কপিল মিশ্রের দফতরের কাছে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সমীর নামে এক যুবকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরবাইকে আসা দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় সমীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের পর থেকেই আততায়ীদের খোঁজে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। তদন্তকারীদের দাবি, নাসিমের বুলন্দশহরে থাকার খবর পাওয়ার পর দিল্লি পুলিশ ও নয়ডা এসটিএফ যৌথ অভিযান চালায়।
ছোট রাজনকে খুনের ছকেও নাম
নাসিমের অপরাধজগতের যোগাযোগও বেশ পুরনো। তদন্তকারী সূত্রের দাবি, দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানির সঙ্গে যুক্ত ছিল সে। আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিলের সঙ্গেও যোগাযোগ ছিল নাসিমের। ২০১৬ সালে তিহাড় জেলে বন্দি গ্যাংস্টার ছোট রাজনকে খুনের ষড়যন্ত্রে তার নাম জড়িয়েছিল বলে অভিযোগ। পাকিস্তানি বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক তারেক ফতেহকে হত্যার পরিকল্পনার সঙ্গেও তার যোগ থাকার অভিযোগ উঠেছিল।
নাসিমের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ডাকাতি-সহ ২৫টিরও বেশি ফৌজদারি মামলা ছিল বলে জানা গিয়েছে। তবে বুলন্দশহরের এনকাউন্টার এবং যৌথ অভিযানের বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় তদন্তকারীরা। সমীর হত্যাকাণ্ডের তদন্তে নাসিমের ভূমিকা এবং এই খুনের পিছনে অন্য কারও নির্দেশ বা বৃহত্তর কোনও চক্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।




