নিউজ ডেস্ক: ভোটার তালিকায় নাম থাকা বা না থাকা নিয়ে রাজ্য জুড়ে দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষ করে যাঁদের নাম নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তাঁদের ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে সংশয় কাটছে না। কোথাও প্রক্রিয়াগত জটিলতা, কোথাও আবার বিচার বিভাগীয় সিদ্ধান্তের অপেক্ষা, সব মিলিয়ে আটকে ছিল বহু ভোটারের ভাগ্য। এবার সংশোধনী প্রক্রিয়া শুরুর মুখে সেই জট কাটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকায় কিছু ভোটারের ক্ষেত্রে নাম অন্তর্ভুক্তির পথ আরও সহজ করার কথা জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, কোনও ভোটারের বিষয়ে বিচার বিভাগীয় আধিকারিক ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে থাকলে শুধুমাত্র বিচারকের ই-সই বাকি থাকার কারণে তাঁর নাম 'বিবেচনাধীন' বা 'আন্ডার অ্যাডজুডিকেশন' অবস্থায় আটকে রাখা যাবে না। অর্থাৎ প্রযুক্তিগত বা প্রক্রিয়াগত কারণে ভোটারের নাম অন্তর্ভুক্তির কাজ বন্ধ রাখা যাবে না। বিচারকের লিখিত সিদ্ধান্তকেই কার্যকর বলে ধরে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও-রা।
কমিশনের এই নির্দেশকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর বহু নাম নিয়ে বিচার বিভাগীয় পর্যায়ে যাচাইয়ের কাজ চলছে। সেই প্রক্রিয়ায় সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরেও কেবল ই-সইয়ের অপেক্ষায় যাঁদের নাম আটকে রয়েছে তাঁরা এই নির্দেশিকার ফলে সুবিধা পেতে পারেন।
তবে সব ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য হবে না। যে সব ভোটারের বিষয়ে বিচার বিভাগীয় পর্যায়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি তাঁদের মামলাগুলির নিষ্পত্তির জন্য ই-আরও দের কাছে পাঠানো হবে। অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে কারও আপিল বিচারাধীন থাকলে অ্যাপিলেট ট্রাইবুনালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ই-আরওরা নতুন করে ফর্ম-৬ আবেদন প্রক্রিয়া করতে পারবেন না। ট্রাইব্যুনাল যদি নাম বাদ রাখার সিদ্ধান্ত বজায় রাখে, তাহলে সেই নির্দেশ কার্যকর করতে হবে।
এদিকে পশ্চিমবঙ্গে এসএসআর এর সংশোধিত সময়সূচী ও ঘোষণা করেছে কমিশন। আগামী ১৫ই ডিসেম্বর ২০২৬ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এরপর দাবি আপত্তি এবং প্রয়োজনীয় সংশোধনের প্রক্রিয়া শেষে ৮ ফেব্রুয়ারি ২০২৭ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
সব মিলিয়ে এসএসআরের আগে কমিশনের এই নির্দেশিকা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে তৈরি হওয়া কিছু জটিলতা কমাতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁদের ক্ষেত্রে বিচার বিভাগীয় সিদ্ধান্ত হয়ে গিয়েছে, অথচ প্রযুক্তিগত কারণে প্রক্রিয়া আটকে, ছিল তাঁদের জন্য এই নির্দেশ নতুন করে আশার আলো দেখাচ্ছে।




