নিউজ ডেস্ক: শিক্ষার আঙ্গিনায় ক্রমশ বাড়ছে আর্থিক চাপ। সন্তানকে ভালো স্কুলে পড়ানোর স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক অভিভাবককেই কার্যত নাজেহাল হতে হচ্ছে। কখনও ভর্তির ফি, কখনও সেমিস্টারের খরচ, আবার কখনও নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠছে বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অভিভাবকদের দীর্ঘদিনের ক্ষোভের কথা মাথায় রেখে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। শুধু আশ্বাস নয়, স্কুলগুলির আর্থিক সিদ্ধান্তে নজরদারি বাড়াতে একাধিক পদক্ষেপ এর প্রস্তুতি শুরু হয়েছে।
নিউটাউন এর কনভেশন সেন্টারে রাজ্যের বেসরকারি স্কুল গুলির প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ফি বৃদ্ধির ঊর্ধ্বসীমা নির্ধারণের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, কোনও বেসরকারি স্কুল বছরে পাঁচ শতাংশের বেশি ফি বাড়াতে পারবেনা। চলতি শিক্ষা বর্ষে ইতিমধ্যেই যে সমস্ত স্কুল পাঁচ শতাংশের বেশি ফি নিয়েছে, তাঁদের অতিরিক্ত টাকা অভিভাবকদের ফেরত দিতে হবে। চাইলে পরবর্তী সেমিস্টার অথবা ভর্তির সময় সেই অর্থের সঙ্গে সমন্বয় করা যাবে। বৈঠকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, শিক্ষা কোনওভাবেই পণ্যে পরিণত হতে পারে না।
অভিভাবকদের অভিযোগ জানানোর জন্য আগামী ১ ডিসেম্বর থেকে স্কুল শিক্ষা দফতর দুটি পৃথক অনলাইন পোর্টাল চালু করতে চলেছে। একটি পোর্টালের মাধ্যমে অভিভাবকরা ফি বৃদ্ধি বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে। অন্য পোর্টালে স্কুল কর্তৃপক্ষ নিজেদের প্রশাসনিক সমস্যার কথা জানাতে পারবে।
পাশাপাশি স্কুলগুলির পরিকাঠামো, ফি কাঠামো এবং অন্যান্য সমস্যা খতিয়ে দেখতে ১০ থেকে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে সরকারি প্রতিনিধি, স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের প্রতিনিধিরা থাকবেন। আগামী ফেব্রুয়ারির মধ্যে শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেবে কমিটি।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের সাতটি রাজ্যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণে আইন রয়েছে। স্কুল গুলি নিজেদের নিয়মে নিয়ন্ত্রণ না আনলে পশ্চিমবঙ্গের আইন প্রণয়নেও পথে হাঁটতে পারে সরকার।
এদিকে, স্কুলগুলির প্রশাসনিক সমস্যার দিকেও নজর দেওয়া হয়েছে। এনওসি পুরকর সংক্রান্ত জটিলতা সাত দিনের মধ্যে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণে একাধিক দফতরের সমন্বয়ে এসওপি তৈরীর প্রস্তাবও দেওয়া হচ্ছে। কয়েকটি স্কুল শিক্ষক-ছাত্র অনুপাত, টিফিন ও পরিবহন ব্যবস্থার যুক্তি দেখিয়ে ৯ শতাংশ ফি বৃদ্ধির দাবি তুললেও সরকার তাতে সম্মতি দেয়নি। ফলে আগামী দিনে বেসরকারি স্কুলগুলির ফি নির্ধারণে সরকারি নজরদারি আরও বাড়তে চলেছে।




