মুম্বই: মুম্বইয়ের লোকাল ট্রেন মানেই ব্যস্ততা, ভিড় আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলা। অফিসযাত্রী, পড়ুয়া থেকে শুরু করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের অন্যতম ভরসা এই লোকাল। কিন্তু সেই চেনা কামরাতেই এ বার দেখা গেল একেবারে অন্য ছবি। ফুল, ঝুলন্ত সাজসজ্জা, রঙিন স্টিকার আর ফুলের পাপড়িতে সাজানো হয়েছে ট্রেনের একটি অংশ। সেখানে চলছে বিয়ের আগের অনুষ্ঠান। বন্ধুকে চমকে দিতে চলন্ত লোকাল ট্রেনের কামরাকেই কার্যত অনুষ্ঠানের জায়গা বানিয়ে ফেলেছেন এক দল মহিলা। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। ঘটনাটি মুম্বইয়ের। এক তরুণীর বিয়ের আগে তাঁকে বিশেষ ভাবে আনন্দ দিতে এই আয়োজন করেছিলেন তাঁর বান্ধবীরা। মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী প্রাক্বিবাহ অনুষ্ঠান ‘কেলভন’ পালন করতেই এই অভিনব উদ্যোগ।
কী এই কেলভন অনুষ্ঠান?
মহারাষ্ট্রের বিয়ের রীতিতে ‘কেলভন’ একটি পরিচিত প্রাক্বিবাহ অনুষ্ঠান। বিয়ের আগে হবু বর বা কনেকে পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনেরা একত্রিত হয়ে শুভেচ্ছা জানান। তাঁদের আশীর্বাদ করা হয়, বিশেষ খাবারের আয়োজন করা হয় এবং বিয়ের নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়। সাধারণত বাড়িতে বা পরিবারের নির্দিষ্ট কোনও জায়গায় এই অনুষ্ঠান হয়। কিন্তু মুম্বইয়ের এই দলটি সেই পরিচিত রীতিকে অন্য ভাবে পালন করার সিদ্ধান্ত নেয়। বাড়ি বা কোনও অনুষ্ঠানবাড়ির বদলে বেছে নেওয়া হয় লোকাল ট্রেনের কামরা।
বন্ধুকে চমকে দিতে বিশেষ আয়োজন
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ট্রেনের কামরার একটি অংশ ফুল, ঝুলন্ত সাজসজ্জা এবং বিভিন্ন রঙিন উপকরণ দিয়ে সাজানো হয়েছে। দেওয়ালে লাগানো হয়েছে স্টিকার। সব আয়োজন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন মহিলারা।
এক জনের হাতে ছিল সাজানো পুজোর থালা।
বাকিরা অপেক্ষা করছিলেন তাঁদের হবু কনের জন্য। বন্ধুটি কামরায় ঢুকতেই তাঁকে ঘিরে শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস। তাঁর উপর ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়। ঐতিহ্য মেনে চলে শুভেচ্ছা ও আশীর্বাদের পর্ব। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে মেতে ওঠেন সকলে।
‘মুম্বই হেরিটেজ’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি প্রকাশ করা হয়।
সেখানে কেলভন অনুষ্ঠানের ব্যাখ্যা দিয়ে জানানো হয়, পরিবারের সদস্য এবং বন্ধুরা বিয়ের আগে হবু বর বা কনেকে ভালবাসা, আশীর্বাদ এবং বিশেষ ভোজের মাধ্যমে শুভেচ্ছা জানান। এ বার সেই অনুষ্ঠানই হয়েছে মুম্বইয়ের লোকাল ট্রেনে।
https://x.com/mumbaiheritage/status/2126161844159369390?a=5uIYG4ubkbrKiDFQiyo&s=20
আনন্দের অনুষ্ঠান, না কি গণপরিবহণের অপব্যবহার?
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে, বন্ধুদের জন্য এমন অভিনব আয়োজন নিঃসন্দেহে সুন্দর। ব্যস্ত জীবনে বন্ধুত্বের এমন মুহূর্ত আনন্দেরই। অন্য দিকে, অনেকেই প্রশ্ন তুলেছেন, লোকাল ট্রেনের মতো গণপরিবহণ কি ব্যক্তিগত অনুষ্ঠানের জায়গা হতে পারে?
সমাজমাধ্যমের একাংশের বক্তব্য, লোকাল ট্রেন কোনও ব্যক্তিগত সম্পত্তি নয়। প্রতিদিন অসংখ্য মানুষ ওই ট্রেনে যাতায়াত করেন। সেখানে ফুল, সাজসজ্জা এবং ব্যক্তিগত অনুষ্ঠানের আয়োজন করলে অন্য যাত্রীদের অসুবিধা হতে পারে। এমন উদ্যোগকে প্রশ্রয় দেওয়া হলে ভবিষ্যতে অন্যরাও গণপরিবহণে ব্যক্তিগত অনুষ্ঠান করার চেষ্টা করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, রেলের অনুমতি ছাড়া এ ধরনের আয়োজন করা যায় কি না। বিশেষ কোনও উপলক্ষ থাকলেও জনসাধারণের ব্যবহারের জায়গাকে ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহার করা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।
রেলওয়ে হস্তক্ষেপ
ঘটনাটি নজর এড়ায়নি রেল কর্তৃপক্ষেরও। রেলযাত্রীদের অভিযোগ ও সমস্যার বিষয়ে কাজ করা ‘রেলওয়ে সেবা’ নামে এক্স অ্যাকাউন্টে ভিডিয়োটি পৌঁছয়। সেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ট্যাগ করে জানানো হয়, প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বিষয়টি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে পাঠানো হয়েছে।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট শাস্তিমূলক পদক্ষেপের কথা প্রকাশ্যে আসেনি। রেল কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হয়, সে দিকেই নজর রয়েছে। এক দিকে বন্ধুত্বের টানে বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখার চেষ্টা, অন্য দিকে গণপরিবহণের নিয়ম ও সাধারণ যাত্রীদের স্বার্থ। এই দুইয়ের টানাপড়েনেই মুম্বই লোকালের এই অভিনব কেলভন অনুষ্ঠান এখন সমাজমাধ্যমে আলোচনার বিষয়।




