নিউজ ডেস্ক: সকাল থেকে সন্ধ্যা, আবহাওয়ার মেজাজে বিশেষ কোনও অস্বস্তির ইঙ্গিত নেই। তবে ঋতু পরিবর্তনের এই সময়ে প্রকৃতির সামান্য পরিবর্তনও নজর কাড়ছে। ভোরের দিকে হালকা শিরশিরানি আবার বেলা বাড়তে উধাও শীতের আমেজ। রাত নামলেই ফের অনুভূত হচ্ছে ঠান্ডার আমেজ। এরই মধ্যে ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরের পরিস্থিতি নিয়ে আবহাওয়াবিদদের নজরদারি বাড়ছে। তাহলে কি আগামী কয়েকদিনের ছবিতে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন আসতে চলেছে?
শনিবার, ২৮ নভেম্বর আপাতত স্বস্তির আবহাওয়া বজায় থাকছে পশ্চিমবঙ্গ জুড়ে। আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের অধিকাংশ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের খাওয়া সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৭ থেকে ১৮ ডিগ্রির কাছাকাছি। বৃষ্টির কোনও উল্লেখযোগ্য সম্ভাবনা নেই।
সকাল ও সন্ধ্যার দিকে উত্তর দিক থেকে হালকা বাতাস বইছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ৬ থেকে ১৩ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। দিনের বেলায় আদ্রতা তুলনামূলক কম থাকার জন্য গরমের অস্বস্তি বিশেষ থাকবে না। তবে রাতের দিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। ফলে দিনের তুলনায় রাতের আবহাওয়া বেশ ঠান্ডা অনুভূত হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত শুষ্ক আবহাওয়া পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বড় কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের দেওয়ার তথ্য অনুযায়ী, শনিবার পরে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি, দমদমে ২১.৮ ডিগ্রি, বাঁকুড়ায় ১৯ ডিগ্রী এবং জলপাইগুড়িতে ২৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা ১৮ থেকে ১৫ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
তবে আবহাওয়ার এই স্বস্তির ছবির মধ্যেই নজর রয়েছে বঙ্গোপসাগরের দিকে। ভারতীয় আবহাওয়া দফতরের ২৬ নভেম্বর এর পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ৩০ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ২ ডিসেম্বর নাগাদ সেটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
তবে এই নিম্নচাপের জেরে এখনই পশ্চিমবঙ্গে বৃষ্টির আশঙ্কা করার মত কোনও নিশ্চিত পূর্বাভাস নেই। আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়া ও হালকা শীতের আমেজ বজায় থাকার সম্ভাবনাই বেশি। ফলে সপ্তাহের শেষে ঘুরতে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম, সব ক্ষেত্রেই আবহাওয়া আবহাওয়া অনুকূল থাকতে পারে। তাই ডিসেম্বরে শুরুতে বঙ্গোপসাগরের পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।




