সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেতাব ধরে রাখার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন ভারতের তারকা জুটি তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। একই সঙ্গে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে জায়গা করে নিয়ে দেশের পক্ষে আরও একটি পদক নিশ্চিত করার সুযোগ তৈরি করলেন তানভি শর্মা ও উন্নতি হুডা। শুক্রবার লখনউয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নজর কাড়লেন ভারতীয় শাটলাররা।
মহিলাদের ডাবলসে শীর্ষ বাছাই তৃষা ও গায়ত্রী শেষ চারে পৌঁছে গিয়েছেন। কোয়ার্টার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিলেন ফ্রান্সের সপ্তম বাছাই মার্গো ল্যামবার্ট ও ক্যামিল পোগনান্তে। তবে ম্যাচে নামার আগেই প্রতিপক্ষ জুটি সরে দাঁড়ানোয় ওয়াকওভার পান ভারতীয় জুটি। ফলে সেমিফাইনালের টিকিট পেতে কোর্টে নামতে হয়নি তাঁদের। গত দু’বারের চ্যাম্পিয়ন তৃষা-গায়ত্রী এবার টানা তৃতীয়বার মহিলাদের ডাবলস খেতাব জয়ের লক্ষ্যে এগোচ্ছেন। গত অগস্টে দিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেও নজর কেড়েছিলেন তাঁরা।
মহিলাদের সিঙ্গলসে ভারতীয়দের লড়াইও ছিল জমজমাট। দ্বিতীয় বাছাই তানভি শর্মাকে ইন্দোনেশিয়ার নি কাদেক ধিন্দা অমর্ত্য প্রতিউইয়ের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করতে হয়। শেষ পর্যন্ত ২১-১৯, ১৮-২১, ২১-১৪ ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছন ১৭ বছরের এই শাটলার। গত অগস্টে তাইপে ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছিলেন তানভি। ওই প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর।
অন্যদিকে, তৃতীয় বাছাই উন্নতি হুডাও ভারতীয় প্রতিপক্ষ অনমোল খার্বকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। তিন গেমের লড়াইয়ে ম্যাচের ফল ২১-১৯, ১৫-২১, ২১-১৮। ফলে সেমিফাইনালেই মুখোমুখি হবেন তানভি ও উন্নতি। অর্থাৎ মহিলাদের সিঙ্গলসে ভারতের অন্তত একজন প্রতিযোগীর ফাইনালে ওঠা নিশ্চিত।
তবে পুরুষদের বিভাগে শুক্রবার হতাশ হতে হয়েছে ভারতীয় শাটলারদের। সিঙ্গলসে তুষার সুবীর ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছে হেরে যান। পুরুষদের ডাবলসেও হেরে বিদায় নিয়েছেন হরিহরণ আমসকরুণন-এম আর অর্জুন এবং সাই প্রতীক-রুবন কুমার জুটি। মিক্সড ডাবলসে অবশ্য সেমিফাইনালে উঠেছেন সাত্ত্বিক রেড্ডি কানাপুরম ও রেশিকা উথায়াসূরিয়ন। ফলে খেতাবের লড়াইয়ে ভারতের আশা এখনও যথেষ্ট উজ্জ্বল।




