নিউজ ডেস্ক: কর্মক্ষেত্রে শালীনতা ও পেশাদারিত্ব বজায় রাখতে রাজ্য সচিবালয়ের কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি বা ‘ড্রেস কোড’ চালু করল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রশাসনের এই নয়া নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে আর যে কোনও পোশাক পরে দপ্তরে আসা যাবে না। বিশেষ করে জিনস, টি-শার্ট, লেগিংস এবং সাধারণ চটি পরে অফিসে আসার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের ক্ষেত্রে নয়, আপাতত শুধুমাত্র গুয়াহাটির রাজ্য সচিবালয় অর্থাৎ ‘জনতা ভবনে’ কর্মরত আধিকারিক ও কর্মীদের জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। শুক্রবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
রাজ্যের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বা সাধারণ প্রশাসন বিভাগের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উপ-সচিব মানস জ্যোতি বরুয়ার স্বাক্ষরিত ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কিছু কর্মী এমন পোশাক পরে দপ্তরে আসছেন, যা সরকারি অফিসের পরিবেশের সঙ্গে একেবারেই মানানসই নয়। এর ফলে সাধারণ মানুষের কাছে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রশাসনকেও রীতিমতো বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। তাই অফিসের গরিমা রক্ষা করতে এবং কর্মীদের মধ্যে ভদ্রোচিত আচরণ ও পেশাদারিত্বের ছাপ ফুটিয়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নয়া নির্দেশিকায় নারী ও পুরুষ কর্মীদের জন্য আলাদাভাবে পোশাকের রূপরেখা বেঁধে দেওয়া হয়েছে। পুরুষ কর্মীদের ক্ষেত্রে ফরমাল শার্ট ও ট্রাউজার পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে কেউ চাইলে কুর্তা, পাজামা বা ধুতির মতো ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকও পরতে পারেন।
অন্যদিকে, মহিলা কর্মীদের শাড়ি, সালোয়ার কামিজ অথবা অসমের চিরাচরিত পোশাক ‘মেখেলা চাদর’ পরার পরামর্শ দেওয়া হয়েছে। মহিলাদের ক্ষেত্রে লেগিংস পরাও নিষিদ্ধ তালিকায় রাখা হয়েছে।
শুধু পোশাকের ধরনই নয়, রঙের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ রয়েছে, কর্মীদের সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং হালকা বা মার্জিত রঙের পোশাক পরে অফিসে আসতে হবে। উগ্র বা চোখে লাগার মতো রঙের পোশাক এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জুতোর বিষয়েও কড়া অবস্থান নিয়েছে সরকার। অফিসের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জুতো পরতে হবে, কোনোভাবেই হাওয়াই চটি বা সাধারণ চপ্পল পরে দপ্তরে প্রবেশ করা যাবে না।
প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই নির্দেশিকা কেবল একটি পরামর্শ নয়, তা কঠোরভাবে পালন করতে হবে। জনতা ভবনের কোনও কর্মী যদি এই পোশাকবিধি লঙ্ঘন করেন, তবে তাঁর বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।




