নয়াদিল্লি, স্নিগ্ধা চৌধুরী : ভারতের মহাকাশ গবেষণায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর উচ্চাকাঙ্ক্ষী গগনযান অভিযানের প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে। আগামী চার মাসের মধ্যেই গগনযানের প্রথম চালকহীন পরীক্ষামূলক মিশন মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর। আহমেদাবাদে জাতীয় মহাকাশ দিবসের অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন।
মানুষকে নিরাপদে মহাকাশে পাঠিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজ। সেই লক্ষ্যেই এখনও পর্যন্ত ৮ হাজারেরও বেশি ছোট-বড় পরীক্ষা চালিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো চেয়ারম্যান জানিয়েছেন, চূড়ান্ত মানববাহী মিশনের আগে অন্তত তিনটি চালকহীন মিশন সম্পন্ন করা হবে। এই পরীক্ষাগুলির মাধ্যমে রকেট, ক্রু মডিউল এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখা হবে।
প্রথম চালকহীন মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল মহাকাশচারী ছাড়াই একটি হিউম্যান-রেটেড রকেট ও ক্রু মডিউলকে মহাকাশে পাঠিয়ে তার পারফরম্যান্স পরীক্ষা করা। মিশনের সময় জীবনধারণের উপযোগী পরিবেশ বজায় রাখা, স্বয়ংক্রিয় ব্যবস্থা ঠিকভাবে কাজ করা এবং মডিউলটি নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে পারছে কি না, তা পরীক্ষা করা হবে।
২০১৮ সালের ১৫ আগস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার ভারতীয় মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পর থেকেই গগনযান প্রকল্প নিয়ে জোরকদমে কাজ চলছে। নানা পরীক্ষার পর এবার সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত।
শুধু গগনযান নয়, চলতি অর্থবর্ষে ইসরোর মহাকাশ কর্মসূচিও যথেষ্ট ব্যস্ত। আগামী কয়েক মাসে ৮টি রকেট উৎক্ষেপণের পাশাপাশি ১২টি স্যাটেলাইট তৈরির পরিকল্পনা রয়েছে। এই স্যাটেলাইটগুলির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা, নেভিগেশন, পৃথিবীর আবহাওয়া পর্যবেক্ষণ-সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে।
মহাকাশ গবেষণায় বেসরকারি সংস্থাগুলির অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন ইসরো চেয়ারম্যান। তাঁর বক্তব্য, আগামী পাঁচ বছরে ভারতের ২০০ থেকে ৩০০টি নতুন স্যাটেলাইটের প্রয়োজন হতে পারে। এত বড় লক্ষ্য পূরণে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি ক্ষেত্রের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, গগনযানের চালকহীন পরীক্ষামূলক মিশন সফল হলে ভারতের মানব মহাকাশযাত্রার স্বপ্ন আরও এক ধাপ বাস্তবের কাছে পৌঁছে যাবে।