মুম্বই, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: আগামী আইপিএল শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে জোর চর্চা শুরু ক্রিকেট মহলে। তাঁকে নিয়ে একাধিক ‘ট্রেড’-এর খবর প্রকাশ্যে আসার মধ্যেই বুধবার সমাজ মাধ্যমে হার্দিকের অনুশীলনের ছবি পোস্ট করল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই পোস্ট ঘিরেই নতুন করে প্রশ্ন উঠেছে। তবে কি আগামী মরশুমেও মুম্বইয়ের জার্সিতেই দেখা যাবে তারকা অলরাউন্ডারকে? নাকি এই ছবির আড়ালেও রয়েছে অন্য কোনও সমীকরণ?
২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই আইপিএলে অভিষেক হার্দিকের। ২০২২ মরশুমের আগে মুম্বই ছেড়ে তিনি যোগ দেন গুজরাট টাইটান্সে। প্রথম মরশুমেই গুজরাটকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেন হার্দিক। পরের মরশুমেও তাঁর নেতৃত্বে ফাইনালে পৌঁছয় গুজরাট। এর পর ট্রেডিং উইন্ডোর মাধ্যমে ফের মুম্বইয়ে প্রত্যাবর্তন। শুধু দলে ফেরাই নয়, তাঁকে অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়। কিন্তু প্রত্যাবর্তনের পর ছবিটা প্রত্যাশামতো বদলায়নি। ২০২৪ সালে পয়েন্ট তালিকার একেবারে নীচে থেকে শেষ করে মুম্বই।
এর পরের আইপিএলে মুম্বই ঘুরে দাঁড়িয়ে কোয়ালিফায়ার-২ পর্যন্ত পৌঁছলেও ২০২৬-এ ফের ছন্দপতন। এ বার নবম স্থানে থেকে অভিযান শেষ করে পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটি। এর মধ্যেই হার্দিককে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিতে ট্রেড করা হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে মুকেশ আম্বানির ফ্র্যাঞ্চাইজির তরফে সমাজ মাধ্যমে হার্দিকের অনুশীলনের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের একাংশ ধরে নিয়েছেন, সম্ভবত তাঁকে রেখেই পরবর্তী মরশুমের পরিকল্পনা সাজাচ্ছে মুম্বই। আবার অন্য অংশের বক্তব্য, এই পোস্ট দিয়ে ট্রেডের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।
এ দিকে হার্দিককে নিয়ে জল্পনার মাঝেই আইপিএলের ট্রেড প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর বক্তব্য, এক ফ্র্যাঞ্চাইজি থেকে অন্য ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেটার বদলের ক্ষেত্রে অর্থের অঙ্কটি সাধারণত সংশ্লিষ্ট দুই দল, ক্রিকেটার এবং বিসিসিআইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ফলে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি জানতে পারে না যে, কোনও দলের বেতনসীমা ঠিকমতো বজায় থাকল কি না। লিটল মাস্টারের মতে, আইপিএলের মতো বিশ্বের অন্যতম বড় টি-২০ লিগের স্বচ্ছতা বজায় রাখতে ট্রেডের আর্থিক অঙ্কও প্রকাশ্যে আনা উচিত। কুমফু পাণ্ডিয়াকে ঘিরে জল্পনা তাই আপাতত থামছে না। মুম্বইয়ের ওই পোস্ট কি বার্তা, নাকি নিছকই অনুশীলনের ছবি, উত্তর মিলবে ট্রেড উইন্ডো বন্ধ হওয়ার পরেই।