নিউজ ডেস্ক: ট্রেনের কামরায় তখন যাত্রীদের স্বাভাবিক যাতায়াত। গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় নিজেদের মতো সময় কাটাচ্ছিলেন সকলে। আচমকা বাইরে থেকে ভেসে এলো এক বিকট শব্দ। মুহূর্তের মধ্যে কেঁপে উঠল ট্রেনের কামরার ভিতর। জানলার কাঁচ ভেঙে ছিটকে এল ইটের টুকরো। কি ঘটলো বুঝে ওঠার আগেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চলন্ত ট্রেনে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
ঘটনাটি ঘটেছে ২৪ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ১২৮২৭ হাওড়া পুরুলিয়া সুপার ফাস্ট এক্সপ্রেসে। জানা গিয়েছে, খড়গপুর স্টেশনে ঠিক ঢোকার আগেই ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। খড়গপুর স্টেশন থেকে প্রায় দু কিলোমিটার আগে হাতিগোলা ব্রিজ সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। সেই সময় ট্রেনটি দ্রুত গতিতে খড়্গপুরের দিকে এগিয়ে যাচ্ছিল।
পাথরের আঘাতে ট্রেনের D8 কামরার একটি জানালার কাচ ভেঙ্গে যায়। শুধুমাত্র তাই নয়, ভাঙা কাচের পাশাপাশি ইটের টুকরো কামরার ভিতরে এসে পড়ে। ঘটনার সময় ওই কামরায় বেশ কয়েকজন যাত্রী উপস্থিত ছিলেন। আচমকায় জানলার কাঁচ ভেঙে যাওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। হঠাৎ করে এমন হামলায় কেউ কেউ বুঝতে পারছিলেন না ঠিক কি ঘটেছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও যাত্রীর আহত হওয়ার খবর এখনও পর্যন্ত সামনে আসেনি।
প্রাথমিকভাবে অনুমান, বাইরে থেকে কেউ বা কারা চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কি উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। রেল পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। দুষ্কৃতিদের শনাক্ত করতে আশেপাশের এলাকা খতিয়ে দেখা এবং ঘটনার সম্ভাব্য কারণ অনুসন্ধানের প্রক্রিয়া চলছে। বিশেষ করে সন্ধ্যার অন্ধকারে দুষ্কৃতিদের চিহ্নিত করা আরও কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগজনক। সামান্য অসতর্কতা কিংবা জোরে ছোড়া একটি পাথরও বড়সড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে জানালার পাশে বসে থাকা যাত্রীদের গুরুতর ভাবে আঘাত লাগার আশঙ্কা থাকে। তাই এই ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। এখন দেখার রেল পুলিশের তদন্তে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা কত দ্রুত সামনে আসে। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।




