স্পোর্টস ডেস্ক: বিশ্ব বক্সিং কাপের ফাইনালে পদকের লক্ষ্যে নামছে ভারত। উজবেকিস্তানের তাসখন্দে শনিবার থেকে শুরু হচ্ছে মরসুমের শেষ প্রতিযোগিতা। সেখানে আট জন পুরুষ এবং ন'জন মহিলা-সহ মোট ১৭ সদস্যের দল পাঠাচ্ছে ভারত। দলের অন্যতম প্রধান ভরসা বিশ্বচ্যাম্পিয়ন তথা বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা মিনাক্ষী হুডা। তাঁর সঙ্গে রয়েছেন বিশ্ব বক্সিং কাপের দ্বিতীয় পর্বে সোনা জয়ী জ্যোতি গুলিয়াও।
২৮ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মহিলাদের ৫১ কেজি বিভাগে লড়বেন মিনাক্ষী। গুইয়াংয়ে বিশ্ব বক্সিং কাপের দ্বিতীয় পর্বে ৫১ কেজি বিভাগে রুপো জিতেছিলেন তিনি। এবার তাসখন্দে নিজের অভিযান শুরু করবেন ইতালির মার্টিনা ভাসালোর বিরুদ্ধে। অন্য দিকে, ৪৮ কেজি বিভাগে নামবেন জ্যোতি। গুইয়াংয়ে ভারতীয়দের মধ্যে একমাত্র সোনা জিতেছিলেন তিনি। প্রথম ম্যাচে তাঁর প্রতিপক্ষ থাইল্যান্ডের থিপসাচা ইয়োদওয়ারি। এই ম্যাচের জয়ী সেমিফাইনালে মুখোমুখি হবেন মেক্সিকোর ফাতিমা হেরেরার।
মহিলাদের বিভাগে ভারতের হয়ে লড়বেন পুনম (৫৪ কেজি), প্রচী (৫৭ কেজি), সানেহ (৬৫ কেজি), গিতিমনি গগৈ (৭০ কেজি), থোকচোম এস চানু (৭৫ কেজি), নয়না (৮০ কেজি) এবং আলফিয়া পাঠান (৮০ কেজির বেশি)। এঁদের মধ্যে থোকচোম প্রথম পর্বে বাই পেয়েছেন।
পুরুষদের বিভাগে রয়েছেন ঋষি সিং (৫০ কেজি), নিখিল (৫৫ কেজি), অনমোল (৬০ কেজি), আকাশ (৭৫ কেজি), মলসাওমতলুয়াঙ্গা (৮০ কেজি), জুগনু (৮৫ কেজি), হর্ষ চৌধুরী (৯০ কেজি) এবং সাওয়ান গিল (৯০ কেজির বেশি)। গুইয়াংয়ে ব্রোঞ্জজয়ী নিখিল ও জুগনুর দিকেও নজর থাকবে।
এই প্রতিযোগিতার ফলাফল শুধু পদকের লড়াইয়েই গুরুত্বপূর্ণ নয়। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের আগে বিশ্ব বক্সিংয়ের র্যাঙ্কিং পয়েন্টও পাওয়া যাবে এখানে। ফলে ভারতীয় বক্সারদের কাছে নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ তাসখন্দ।




