স্পোর্টস ডেস্ক: পুজোর আগেই কলকাতায় ফুটবলের মহোৎসব! এক দিকে ৫ বারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। অন্যদিকে ঘরের মাঠে সদ্য পানামাকে আটকে দেওয়া ভারত। আগামী ৩ অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই দল (India Vs Brazil)। তার তিন দিন পর, ৬ অক্টোবর একই মাঠে ভারতের প্রতিপক্ষ উরুগুয়ে। দুই আন্তর্জাতিক ম্যাচ ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব শহর জুড়ে। তবে শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের জন্যও থাকছে বিশেষ উপহারও। একটি টিকিট কিনলেই আরেকটি পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে! বহুল প্রতীক্ষিত মহারণের আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হল এমনটাই।
ম্যাচের প্রস্তুতি, দর্শকদের সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এ দিন বিস্তারিত তথ্য সামনে এনেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-সহ প্রশাসনের আধিকারিকেরা। ম্যাচের আয়োজন থেকে শুরু করে মাঠের পরিকাঠামো, সব ক্ষেত্রেই ফিফার নির্ধারিত মান বজায় রাখার আশ্বাস দিয়েছে রাজ্য। ড্রেসিংরুম, খাবার এবং আলোর ব্যবস্থা-সহ প্রতিটি বিষয়েই বিশেষ নজর দেওয়া হয়েছে। দীর্ঘদিন নীল রঙে পরিচিত যুবভারতীর চেহারাতেও এসেছে বদল। স্টেডিয়ামের বর্ডারে ব্যবহার করা হয়েছে গেরুয়া রং। দর্শকদের সুবিধার জন্য দুই গোলপোস্টের পিছনে বসানো হচ্ছে বিশাল এলইডি স্ক্রিন। মাঠের ঘাস-সহ পরিকাঠামো নিয়ে অতীতে যে অভিযোগ উঠেছিল, সেগুলিও দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তারা।
তবে ফুটবল উৎসবের পাশাপাশি নিরাপত্তার বিষয়েও কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। স্টেডিয়াম চত্বরে মোতায়েন থাকবেন প্রায় ২ হাজার পুলিশকর্মী। ৩২টি ব্লকেই চলবে কড়া নজরদারি। তিন দফায় তল্লাশির পর তবেই মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে দর্শকদের। প্রথমে মূল গেটে, তার পর স্টেডিয়ামের ভবনে প্রবেশের মুখে এবং সব শেষে নির্দিষ্ট ব্লকে ঢোকার আগে হবে তল্লাশি। ডিজিটাল টিকিটে উল্লেখ থাকবে নির্দিষ্ট আসন নম্বর। ফলে পছন্দের আসন পেতে আগে পৌঁছনোর প্রয়োজন নেই। বাজি, অস্ত্র, ধারালো বস্তু, বাইরের বোতল কিংবা ছাতা নিয়ে স্টেডিয়ামে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে তার জন্য থাকবে অ্যাম্বুল্যান্স ও বিশেষ মেডিক্যাল টিম।
টিকিট না পাওয়ার আক্ষেপ যাতে ফুটবলপ্রেমীদের উৎসবের আনন্দে বাধা না হয়ে দাঁড়ায়, তারও ব্যবস্থা করছে রাজ্য। কলকাতা ও সংলগ্ন বিভিন্ন জেলায় জায়ান্ট স্ক্রিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে যুবভারতীতে প্রবেশের সুযোগ না পেলেও বড় পর্দায় খেলা দেখার সুযোগ পাবেন অনেকে। মাঠের ভিতরে খাবারের স্টলও ছড়িয়ে থাকবে বিভিন্ন জায়গায়। বয়স্ক ও বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য থাকছে হুইলচেয়ারের ব্যবস্থা। শুধু পুরুষদের ফুটবল নয়, আগামী ৮ ও ১১ অক্টোবর যুবভারতীতে ভারত ও রাশিয়ার মহিলা দলেরও দুটি ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। তার আগে ২ অক্টোবর চার দেশের ফুটবলারদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে, উৎসবের মরশুমে কলকাতাকে আন্তর্জাতিক ফুটবলের কেন্দ্র করে তুলতে প্রস্তুতি তুঙ্গে।
