নিউজ ডেস্ক: মায়ের ওপর প্রাণঘাতী হামলার পর বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো নবম শ্রেণির এক ছাত্র। শুক্রবার রাতে অসমের গুয়াহাটির বামুনিময়দান এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় গোটা শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোর গুয়াহাটিরই একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার রাতে বামুনিময়দান এলাকার নিজেদের বাড়িতেই কোনো একটি বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার অশান্তি বাধে বলে প্রাথমিক অনুমান। সেই সময় আচমকাই ধারালো অস্ত্র নিয়ে নিজের মায়ের ওপর চড়াও হয় ওই কিশোর। অস্ত্রের আঘাতে মহিলার গলায় গভীর ক্ষত তৈরি হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় ওই ছাত্র। যাওয়ার আগে স্কুলের বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সে গোটা ঘটনার কথা জানায়। শুধু তাই নয়, বাড়ির ঠিকানা দিয়ে বন্ধুদের অনুরোধ করে, তারা যেন দ্রুত সেখানে গিয়ে তার রক্তাক্ত মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই মেসেজ দেখেই হুলস্থুল পড়ে যায় এবং খবর পৌঁছায় পুলিশ ও প্রতিবেশীদের কাছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর গলার আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে এবং অবস্থা এখনও বেশ আশঙ্কাজনক।
অন্যদিকে, বাড়ি থেকে বেরিয়ে কিশোর সোজা চলে যায় শহরের এবিসি এলাকায়। সেখানে একটি বহুতল আবাসনের ছাদে উঠে নিচে ঝাঁপ দেয় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার গুয়াহাটি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং একটি মামলাও রুজু করা হয়েছে। ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিল ওই কিশোর, বা মায়ের ওপর আক্রমণের নেপথ্যে কী কারণ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।




